জঙ্গি নয় ভিন্নমত দমনে ব্যস্ত সরকার
প্রতিক্ষণ ডেস্ক
সরকার জঙ্গি দমন না করে ভিন্নমত দমনে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করে বিশিষ্টজনেরা বলেছেন, এতে ব্লগার ও প্রকাশকসহ মুক্তমনাদের হত্যা করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত মুক্তচিন্তার সংহতি সমাবেশে বক্তব্য দানকালে এসব কথা বলেন তারা।
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীসহ একইদিন আরও ৩ ব্লগারকে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ শুরু হয় বিকেল ৪টার দিকে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত ব্লগার ও লেখক অভিজিত রায়ের বাবা অজয় রায়, বাসদ নেতা খালেকুজ্জামান, ফেরদৌসি প্রিয়ভাষিণী ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এ সময় বক্তারা জঙ্গিবাদ রুখে দিতে সরকাকে আরও সজাগ হওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে ব্লগার হত্যাকারীদের বিচার দাবিতে আগামী ৯ নভেম্বর বিকেলে শাহবাগে সমাবেশ ও আলোর মিছিল, ১৩ নভেম্বর বিকেলে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ এবং ২০ নভেম্বর ব্লগার হত্যাকারীদের বিচার দাবিতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।
প্রতিক্ষণ/এডি/বিএ






















