আর্থিক প্রতিষ্ঠানের গাড়ি ক্রয়ে লাগাম

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

carবুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে যে তারা বিলাসবহুল যানবাহন ও আড়ম্বরপূর্ণ সাজসজ্জায় উচ্চ ব্যয় পরিহার করবে। ৫০ লাখ টাকার বেশিতে মোটরকার ও ১ কোটি টাকা মূল্যের ওপরে জিপ কেনা যাবে না বলে সীমা বেঁধে দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো ৫০ লাখ টাকা ও ১ কোটি টাকার মূল্যের ওপরে মোটরকার ও জিপ কিনতে পারবে না। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থে কেনা মোটরযানের সংখ্যা আর্থিক প্রতিষ্ঠানের জনবল ও অফিস/শাখার সম্প্রসারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য প্রদেয় সার্বক্ষণিক গাড়িসহ সকল যানবাহন ন্যূনতম ৫ বছর ব্যবহারের আগে প্রতিস্থাপন করা যাবে না। মোটরযানের ব্যবহার ও পরিচালনা ব্যয়ের তথ্য ছয় মাস পর পর পর্ষদ সভায় ও বার্ষিক সাধারণ সভায় পর্যালোচানার জন্য উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গাড়ির পাশাপাশি প্রতিটি শাখার আয়তন কেমন, সেখানে সাজসজ্জায় কিভাবে ব্যয় করতে হবে সে বিষয়েও বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে ৫ হাজার বর্গফুটের অধিক আয়তনের ফ্লোর ব্যবহার করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এর বেশি আয়তনের কোনো শাখা স্থানান্তরের ক্ষেত্রে একই নিয়ম মানতে হবে। আইটি সরঞ্জার ছাড়া ইন্টেরিয়র ডেকোরেশন, অফিস ফার্নিচার, ইলেকট্রিক ইত্যাদি খাতে নতুন শাখা স্থাপন ও বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য সর্বোচ্চ ১৫শ টাকা খরচ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল যানবাহন ক্রয় এবং বিভিন্ন শাখায় আড়ম্বরপূর্ণ সাজসজ্জাসহ অন্যান্য খাতে উচ্চ ব্যয় নির্বাহের তথ্য পাওয়া গেছে। যে কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানগুলোর। শেয়ারহোল্ডার ও গ্রাহক স্বার্থ রক্ষা হচ্ছে না। এর ফলে এই ধরনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G