সন্ত্রাসী হামলার জন্য ইসলাম ধর্ম দোষী নয়

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

Barack-Obama‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য কেউ ইসলাম ধর্মকে দোষারোপ করলে বুঝতে হবে তারা উগ্রপন্থীদের দেখানো পথেই পরিচালিত হচ্ছে’। নিয়মিত বেতার ভাষণে এমনটিই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া বেতার ভাষণে ওবামা মার্কিনিদের বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে যারা ইসলাম বনাম পশ্চিমাদের যুদ্ধ মনে করে, তারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতোই একটি গোষ্ঠী’।

ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আইএসের মতো জঙ্গিরা ধর্ম ও পরিবেশ-পটভূমির ভিত্তিতে আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।…আমি এটা আবারও বলবো, পক্ষপাত ও বৈষম্য আইএসকে সহায়তা করে এবং তা আমাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিও দুর্বল করে’।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের গির্জা ও ইহুদি ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষ স্থানীয় মসজিদগুলোর সঙ্গে যোগাযোগ করছে। যা স্মরণ করিয়ে দেয়, আমরা সবাই ঈশ্বরের সন্তান’।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে মুসলিম দম্পতির হামলায় ১৪ জন নিহত হওয়ার পর থেকে জাতির উদ্দেশ্যে এটি ওবামার তৃতীয় ভাষণ। প্রতিটি ভাষণেই মার্কিন প্রেসিডেন্ট পশ্চিমাদের পাশাপাশি মুসলিম বিশ্বকেও উগ্রপন্থীদের গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন।

প্যারিসে হামলার কিছুদিন পরই ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাশ্চাত্যে মুসলিম বিদ্বেষ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে উদ্বেগ ও বিক্ষিপ্তভাবে কিছু প্রতিশোধমূলক ঘটনাও ঘটেছে।

ওবামা উল্লেখ করেন, ‘দেশজুড়ে মার্কিনেরা তাদের মুসলিম বন্ধু, প্রতিবেশী এবং সহকর্মীর প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে তাঁরা বুঝতে পারেন, আমরা একে অপরের জন্য রয়েছি।’

টেক্সাসের সাম্প্রতিক এক সমাবেশে একজন নারীর প্ল্যাকার্ডে লেখা ‘আমরা আমাদের মুসলিম প্রতিবেশীকে ভালোবাসি’ স্লোগানের প্রসঙ্গ টেনে বারাক ওবামা বলেন, ‘আমি চাই প্রতিটি মুসলিম মার্কিনি এই বার্তাটি শুনুক যে, আমরা একই আমেরিকান পরিবারের অংশ।’

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G