প্রাণভিক্ষার আবেদন করেছে জঙ্গি রিপন

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি দেলওয়ার ওরফে রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ সোমবার দুপুরে রিপনের লিখিত ক্ষমা প্রার্থনার আবেদন আমরা পেয়েছি। পরে সেটা যথাযথ প্রক্রিয়ার রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে।’

গত ২২ মার্চ হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলওয়ার ওরফে রিপনের রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজের পূর্ণ রায়ের অনুলিপি সিলেট কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সিলেট কারাগারে থাকা দেলওয়ার ওরফে রিপনকে এ রায় শোনানো হয়। পরে সন্ধ্যায় এ তিন জঙ্গির মৃত্যু পরোয়ানা বিচারিক আদালত থেকে কারাগারে পৌঁছায়।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের (রহ.)  মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সিলেট দ্রুত বিচার আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বোক্ত রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। চলতি বছরের ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। গত ১৯ মার্চ সে আবেদন খারিজ হয়। পরে গত ২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণ রায় প্রকাশিত হয়।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G