পুলিশের গুলিতে রাবি শিবির নেতা নিহত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের তথ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন (২৪) পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাটাখালি বাজারে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এসময় গুরতর আহত হয়েছেন আরও ২ জন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাটাখালি বাজারে শিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিন, বিনোদপুর মেস শাখার সভাপতি মফিজুর রহমান ও শহীদ হবিবুর রহমান হল সভাপতি হাবিবুর রহমান মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাটাখালি পৌরসভার সামনে তাদেরকে আটক করে মতিহার থানা পুলিশ।আটক করার পর তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রাত আড়াইটার দিকে একজনকে মৃত ও বাকি দুজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রামেকে ভর্তি করে পুলিশ। তবে বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, রাত পৌনে ১০ টার দিকে কাটাখালি বাজার দিয়ে আসার সময় পুলিশ তাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের পরিবারসহ আমরা বারবার তাদের অবস্থান জানতে চাইলে পুলিশ তাদেরকে আটক করার কথা অস্বীকার করে। পরে রাত আড়াইটার দিকে রামেকে শাহাবুদ্দিন ভাইকে তারা মৃত ও বাকি দুইজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, কাটাখালি পৌরসভার সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত পুলিশের উপর তারা ককটেল নিক্ষেপ করে। এসময় মাহবুব নামের এক কনস্টেবলকে পেছন থেকে রড দিয়ে আঘাত করে। দুর্বৃত্ত বুঝতে পেরে পুলিশ তৎক্ষণাৎ গুলি করে। তখন একজন সেখানে মারা যায়,আর বাকি দুজন গুলিবিদ্ধ হয়। তাদেরকে রামেকে ভর্তি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
























