জাবিতে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
জাবি: ‘ধূম্রজাল ছিঁড়ে এগিয়ে চলি সত্ত্বার সন্ধানে’ শ্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে সাংস্কৃতিক মেলা-২০১৫।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ পাঁচদিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এসময় উপাচার্য বলেন, পরিবেশ, প্রকৃতি ও সংস্কৃতি মানুষের অবিছেদ্য অংশ। সংস্কৃতির মধ্যদিয়ে মানুষ বেড়ে উঠে। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সৃজনশীলতা ও মেধা মননের বিকাশ ঘটে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি পার্থ প্রতীম মজুমদার, সাধারণ সম্পাদক ও মেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ সাংস্কৃতিককর্মীরা।
পরে সেখান থেকে একটি র্যালি শুরু হয়ে ক্যাম্পাস পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মেলার প্রথমদিন জলসিঁড়ির পরিবেশনায় নাটক ‘বিউটি বাজার’, দ্বিতীয়দিন বুধবার ‘ফানুস উৎসব’, তৃতীয়দিন বৃহস্পতিবার জলসিঁড়ির পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘হিমালয় থেকে সুন্দরবন’, চতুর্থদিন শুক্রবার আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান ‘গল্পে গল্পে গান’ এবং শনিবার জলসিঁড়ির পরিবেশনায় নাটক ‘প্রতিচ্ছবি’ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত প্রতি বছর সাংষ্কৃতিক সংগঠন জলসিঁড়ি জাহাঙ্গীরনগরে সাংষ্কৃতিক সপ্তাহ আয়োজন করে। এতে মঞ্চনাটক, সংগীত, কবিতা ও নৃত্যসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ত্বকে সম্মাননা দেয়া হয়।
প্রতিক্ষণ /এডি/এমআইআর
























