চাঁদপুরে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দাম কমলেও হাতের নাগালে নয়

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ইলিশ মৌসুম প্রায় শেষের পথে। শেষ সময়ে এসে চাঁদপুরের মাছবাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে।

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, পদ্মা–মেঘনার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। একই ওজনের সাগরের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।

বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা জানান, এ বছর জুলাই–আগস্টে ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম ছিল অনেক বেশি—প্রতি কেজি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা। তবে সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ কিছুটা বাড়ায় দাম ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে। আকারভেদে ছোট-বড় ইলিশ ভিন্ন দামে বিক্রি হচ্ছে।

স্থানীয় মাছ বিক্রেতা নবীর হোসেন বলেন, “এবার আমদানি কম থাকায় অন্য বছরের মতো দাম নামেনি। তাই এখনো সাধারণ মানুষের পক্ষে ইলিশ কেনা কঠিন।”

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার জানান, বর্তমানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ বাজারে আসছে। অথচ অন্যান্য বছর এই সময়ে প্রতিদিন তিন থেকে চার হাজার মণ সরবরাহ হতো। তিনি আশঙ্কা প্রকাশ করেন, চলতি মাসে দামে সামান্য কমতি এলেও ভারতে ইলিশ রপ্তানির কারণে আবার প্রভাব পড়তে পারে।

চাঁদপুর জেলা মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর জুলাই–আগস্টে পদ্মা–মেঘনাসহ বিভিন্ন নদী থেকে আহরিত হয়েছে মাত্র ৯৫০ মেট্রিক টন ইলিশ। গত বছর একই সময়ে আহরিত হয়েছিল ৩ হাজার ৬২৯ মেট্রিক টন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার দিদার বলেন, প্রাকৃতিক দুর্যোগ, নদীর নাব্যতা হ্রাস, অবৈধ জাল ব্যবহার ও দূষণের কারণে এ বছর ইলিশের উৎপাদন কমেছে। ফলে মৌসুমের শেষ ভাগেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয়নি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G