টুর্নামেন্ট চলাকালেই পালালেন ৭ ইরিত্রিয়ান ফুটবলার

প্রকাশঃ এপ্রিল ৯, ২০২৬ সময়ঃ ৯:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

দীর্ঘ বিরতির পর আফ্রিকার শীর্ষ ফুটবল আসর আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) ফেরার লক্ষ্য নিয়ে বাছাইপর্বে খেলছে ইরিত্রিয়া। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ফেরার এই চেষ্টার মাঝেই আবারও বড় ধরনের সমস্যার মুখে পড়েছে দলটি। বিদেশ সফরে গিয়ে জাতীয় দলের সাতজন ফুটবলার আর দেশে ফেরেননি।

২০০৮ সালের পর দীর্ঘ সময় ধরে এই প্রতিযোগিতার বাইরে ছিল ইরিত্রিয়া। এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হয়—বিদেশে ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের দল ছেড়ে আশ্রয় নেওয়ার প্রবণতা। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই ২০২৭ আফকনকে সামনে রেখে আবার বাছাইপর্বে অংশ নেয় দলটি।

সবশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ইরিত্রিয়া। এরপর বিদেশ সফরে খেলোয়াড়দের পালিয়ে যাওয়ার আশঙ্কায় প্রায় সাত বছর জাতীয় দলকে দেশের বাইরে পাঠানো হয়নি। এতে আন্তর্জাতিক ফুটবল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে দলটি।

সম্প্রতি আফকন বাছাইপর্বে ভালো শুরু করে ইরিত্রিয়া। প্রথম লেগে ২-০ এবং দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে এসওয়াতিনিকে হারায় তারা। তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচ শেষে দলের সাত ফুটবলার আর দলের সঙ্গে ফেরেননি।

জাতীয় দলের কোচ হিশাম ইয়াকান জানিয়েছেন, নিখোঁজ হওয়া খেলোয়াড়দের বেশিরভাগই ছিলেন বদলি। তার ধারণা, তারা হয়তো আর পেশাদার ফুটবলে ফিরবেন না এবং উন্নত জীবনের খোঁজে অন্য দেশে থাকার চেষ্টা করবেন।

বিশ্লেষকদের মতে, এমন ঘটনা ইরিত্রিয়ার জন্য নতুন নয়। অতীতেও বহু খেলোয়াড় বিদেশ সফরের সময় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। দেশটির সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এই প্রবণতার বড় কারণ বলে মনে করা হয়।

একজন সাবেক ইরিত্রিয়ান, যিনি বর্তমানে শরণার্থী সহায়তা কার্যক্রমে যুক্ত, বলেন—দেশের ভেতরে দীর্ঘদিনের হতাশা ও সীমাবদ্ধতার কারণে অনেকেই সুযোগ পেলে বাইরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তবে এই ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দেশটির সরকার বা ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশন্স যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G