প্রচণ্ড গরমে এসি ছাড়াই কীভাবে ঘর ঠান্ডা রাখবেন

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০২৬ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

তীব্র গরমে দিনের শেষে বাসায় ফিরেও অনেকেরই স্বস্তি মেলে না। সারাদিনের রোদে ঘর গরম হয়ে ওঠে, ফলে এসি না থাকলে সেই ঘরে থাকা বেশ কষ্টকর হয়ে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে প্রাকৃতিকভাবেই ঘরকে তুলনামূলক ঠান্ডা ও আরামদায়ক রাখা সম্ভব।

জানালা ও পর্দার সঠিক ব্যবহার
ঘরের অবস্থান যদি এমন হয় যেখানে বাতাস চলাচলের সুযোগ আছে, তাহলে দিনের নির্দিষ্ট সময়ে জানালা খোলা রাখা ভালো। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় প্রাকৃতিক বাতাস ঘরের তাপ কমাতে সাহায্য করে। তবে দুপুরে যখন রোদ সরাসরি জানালায় পড়ে, তখন জানালা বন্ধ রাখা উচিত। হালকা রঙের মোটা কাপড়ের পর্দা বা বাঁশের চিক ব্যবহার করলে রোদ ও তাপ অনেকটাই আটকানো যায়।

ফ্যানের সঙ্গে ছোট কৌশল
সিলিং ফ্যানের বাতাসকে আরও শীতল করতে চাইলে সামনে বরফ ভর্তি একটি বাটি বা ভেজা কাপড় রাখতে পারেন। এতে বাতাস কিছুটা ঠান্ডা হয়ে ছড়িয়ে পড়ে। জানালার সামনে ভেজা কাপড় ঝুলিয়ে রাখলেও বাইরে থেকে আসা গরম বাতাস ঠান্ডা হয়ে ঘরে প্রবেশ করে।

গাছ রাখলে বাড়ে স্বস্তি
ঘরের ভেতরে কিছু ইনডোর গাছ রাখলে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। স্নেক প্ল্যান্ট বা মানি প্ল্যান্টের মতো গাছ ঘরের পরিবেশকে কিছুটা শীতল ও সতেজ রাখে।

তাপ উৎপাদন কমানো জরুরি
দিনের বেলায় অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। রান্না, ইস্ত্রি বা অতিরিক্ত লাইট ব্যবহার ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই সম্ভব হলে এগুলো কম ব্যবহার করুন বা সন্ধ্যার দিকে করুন।

হালকা উপকরণ ব্যবহার করুন
গরমে ভারী পর্দা, কার্পেট বা মোটা কাপড় এড়িয়ে চলুন। বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করলে আরাম বেশি পাওয়া যায় এবং তাপ কম লাগে।

শরীর ঠান্ডা রাখাও গুরুত্বপূর্ণ
ঘরের পাশাপাশি শরীর ঠান্ডা রাখাও জরুরি। দিনে একাধিকবার গোসল করা, পর্যাপ্ত পানি পান করা এবং ঢিলেঢালা সুতির পোশাক পরা গরমের অস্বস্তি কমাতে সাহায্য করে।

রাতের ঠান্ডা কাজে লাগান
রাতে বাইরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে, তাই তখন জানালা খুলে দিলে ঠান্ডা বাতাস ঘরে ঢোকে। সকালে সূর্য ওঠার আগে জানালা বন্ধ করে দিলে সেই ঠান্ডা কিছুটা ধরে রাখা সম্ভব।

সব মিলিয়ে, এসি না থাকলেও কিছু সচেতনতা ও সহজ কৌশল মেনে চললে গরমের সময় ঘরকে অনেকটাই আরামদায়ক রাখা যায়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G