মহাবিশ্বে মিলল হীরার মতো ঝলমলে এক গ্রহ

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০২৬ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ অপরাহ্ণ

মহাকাশের অজানা জগত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেই রহস্যময় মহাবিশ্বেই রয়েছে এমন এক অদ্ভুত গ্রহ, যেটিকে বিজ্ঞানীরা হীরায় সমৃদ্ধ গ্রহ বলে মনে করেন। গ্রহটির নাম ৫৫ ক্যানক্রি ই, আর এর বৈশিষ্ট্য জানলে যে কেউ বিস্মিত হবেন।

পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ আকারে পৃথিবীর তুলনায় প্রায় দ্বিগুণ বড়। শুধু তাই নয়, এর ভরও পৃথিবীর প্রায় আট গুণ বেশি। বিজ্ঞানীদের কাছে গ্রহটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এর অস্বাভাবিক গঠনের কারণে।

গবেষকদের ধারণা, ৫৫ ক্যানক্রি ই–এর গঠনে কার্বনের পরিমাণ অনেক বেশি। সাধারণভাবে কার্বন থেকেই যেমন কয়লা তৈরি হয়, তেমনি বিশেষ তাপ ও চাপে সেই কার্বনই রূপ নেয় হীরায়। এই কারণেই গ্রহটিকে অনেকেই ‘হীরার গ্রহ’ বলে আখ্যা দেন।

গ্রহটি তার নিজস্ব নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এত উচ্চ তাপমাত্রায় ধাতুও সহজেই গলে যেতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, এই চরম তাপ এবং অভ্যন্তরীণ প্রচণ্ড চাপের কারণে গ্রহটির ভেতরের বিপুল কার্বন দীর্ঘ সময় ধরে কঠিন হীরার স্তরে পরিণত হয়েছে।

গবেষণা বলছে, গ্রহটির মোট গঠনের বড় একটি অংশই হীরা হতে পারে। কিছু গবেষকের মতে, এর প্রায় এক-তৃতীয়াংশ অংশজুড়ে থাকতে পারে হীরার মতো শক্ত খনিজ।

তবে এই গ্রহ যতই আকর্ষণীয় হোক, মানুষের বসবাসের জন্য এটি মোটেও উপযোগী নয়। সেখানে নেই শ্বাস নেওয়ার মতো বায়ুমণ্ডল, নেই পানির অস্তিত্ব। বরং এটি এক জ্বলন্ত, অতিরিক্ত উত্তপ্ত এবং প্রতিকূল পরিবেশের গ্রহ।

তবু ৫৫ ক্যানক্রি ই বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। কারণ এটি শুধু মহাবিশ্বের বৈচিত্র্যই তুলে ধরে না, বরং গ্রহ গঠনের বিস্ময়কর রসায়ন সম্পর্কেও নতুন ধারণা দেয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G