আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ছুটির সময়সূচি প্রকাশ করলো সরকার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা অন্তর্ভুক্ত রয়েছে। এসব খাতে দায়িত্ব পালনকারী যানবাহন ও কর্মীরাও স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবাও চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মীরা ছুটির বাইরে থাকবেন বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকারি অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখা যাবে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রতি / এডি / শাআ













