সোমবার থেকে টানা তিন দিন ঢাকার বাইরে ভ্রমণে থাকছে যেসব নির্দেশনা

প্রকাশঃ মে ২৫, ২০২৬ সময়ঃ ১০:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে
বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৫, ২৬ ও ২৭ মে এবং ২৯, ৩০ ও ৩১ মে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখা এবং কোরবানির পশুর হাট ঘিরে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছয় দিনে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, সার, গার্মেন্টস পণ্য ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলোকে টার্মিনাল থেকেই যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কের ওপর বাস দাঁড় করানো বা অনুমোদনহীন স্থানে যাত্রী ওঠানামা করানো নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সড়কগুলোতে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত কিংবা অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ ট্রাফিক ব্যবস্থার অংশ হিসেবে উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক ২৫ থেকে ২৭ মে একমুখী করা হবে। এই সময়ে সড়কটি দিয়ে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্প এলাকার কয়েকটি লেনেও সাময়িক একমুখী ডাইভারশন চালু থাকবে। ওই সময় ঢাকা থেকে গাজীপুরমুখী যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকামুখী প্রবেশ সীমিত করা হবে।
রাজধানীতে যানজট কমাতে বিভিন্ন বিআরটিসি ডিপোর বাস নির্দিষ্ট রুটে পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি।
এসব সড়কের মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরপুর রোড, ঢাকা-মাওয়া মহাসড়ক, বসিলা ব্রিজ সংলগ্ন সড়ক এবং আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ এলাকা।
ডিএমপি সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক, পশুর হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G