অবৈধ অনুপ্রবেশ ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কড়া তৎপরতা বিজিবির

প্রকাশঃ মে ২৯, ২০২৬ সময়ঃ ১১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর ও খুলনার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে কোরবানির পশুর চামড়া পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশইন), মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

শুক্রবার (২৮ মে) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহার সময় বিপুল পরিমাণ পশু কোরবানি হওয়ায় প্রতি বছরের মতো এবারও চামড়া পাচারের ঝুঁকি রয়েছে। এজন্য সীমান্ত দিয়ে কোনোভাবেই যাতে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে দিনের পাশাপাশি রাতের টহলও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

ঈদকে কেন্দ্র করে যশোরের কয়েকটি সীমান্ত এলাকা চামড়া পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্ত এলাকার কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুরসহ বেনাপোলের পুটখালি, দৌলতপুর, সাদিপুর, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালি এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, ঈদ-পরবর্তী সময়েও সীমান্তে নিরাপত্তা কার্যক্রম ও টহল জোরদার থাকবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

20G