ইউফ্রেটিস নদীর উৎপত্তি নিয়ে অবাক করা তথ্য জানালেন বিজ্ঞানীরা
মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নদী ইউফ্রেটিসের উৎপত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে নানা প্রশ্ন ছিল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দাবি করা হয়েছে, বর্তমান ইউফ্রেটিস নদীর সৃষ্টি হয়েছে লাখো বছর আগে পূর্ব অ্যানাতোলিয়া অঞ্চলে সংঘটিত ব্যাপক ভূত্বকীয় পরিবর্তনের ফলে।
গবেষকদের মতে, প্রায় ৩৬ লাখ থেকে ১৬ লাখ বছর আগে বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত টরাস পর্বতমালার ভূতাত্ত্বিক আন্দোলনের কারণে দুটি পৃথক নদী ব্যবস্থা একত্রিত হয়ে একটি শক্তিশালী নদীতে পরিণত হয়। পরবর্তীতে সেটিই আজকের ইউফ্রেটিস নদী হিসেবে পরিচিতি পায়।
দক্ষিণ-পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদীগুলোর একটি ইউফ্রেটিসের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার। এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে শেষ পর্যন্ত পারস্য উপসাগরে গিয়ে মিশেছে।
প্রাচীন মেসোপটেমিয়ার বিকাশে ইউফ্রেটিসের অবদান ছিল অসামান্য। ইতিহাসখ্যাত উরুক, ব্যাবিলন, উর ও মারির মতো নগরীগুলো এই নদীর তীরেই গড়ে উঠেছিল। কৃষি, নগরায়ণ এবং লিখন পদ্ধতির বিকাশেও নদীটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
গবেষণায় ব্যবহৃত হয়েছে উন্নত সিসমিক ইমেজিং প্রযুক্তি, যার মাধ্যমে ভূগর্ভে চাপা পড়ে থাকা প্রাচীন নদীখাতের অবস্থান ও গঠন বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা সমুদ্রতলের নিচে এমন কিছু প্রাচীন নদীপথের সন্ধান পেয়েছেন, যেগুলোর বয়স ৫০ লাখ বছরেরও বেশি।
তাদের বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান কারাসু ও মুরাত নদীর পূর্বসূরি দুটি নদী একসময় ভিন্ন পথে প্রবাহিত হতো। পরে টেকটোনিক পরিবর্তনের কারণে একটি নদী তার গতিপথ বদলে পারস্য উপসাগরমুখী হয় এবং অন্যটিও এর সঙ্গে যুক্ত হয়। এর ফলেই সৃষ্টি হয় বর্তমান ইউফ্রেটিস নদী ব্যবস্থা।
গবেষকদের ভাষ্য, এই আবিষ্কার শুধু একটি নদীর ইতিহাস জানার জন্য নয়, মানব সভ্যতার বিকাশের পেছনের ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কারণ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী উর্বর ভূমিতেই বিশ্বের প্রথমদিকের কৃষিভিত্তিক সমাজ, নগর রাষ্ট্র এবং লিখিত ভাষার বিকাশ ঘটেছিল।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার জিওসায়েন্স’-এ। এতে অংশ নেওয়া বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর বড় নদীগুলোর গতিপথও সময়ের সঙ্গে নাটকীয়ভাবে বদলে যেতে পারে এবং ইউফ্রেটিস তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
তাদের মতে, যেমন আন্দিজ পর্বতমালার উত্থানের আগে অ্যামাজন নদী ভিন্ন দিকে প্রবাহিত হতো, তেমনি ভূত্বকের পরিবর্তন ইউফ্রেটিসের বর্তমান রূপ গঠনের ক্ষেত্রেও নির্ধারক ভূমিকা পালন করেছে।
প্রতি / এডি / শাআ






















