অবশেষে কম দামে এআই স্মার্ট চশমা, নতুন চমক মেটার

প্রকাশঃ জুন ২৮, ২০২৬ সময়ঃ ১১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট চশমা আরও বেশি মানুষের নাগালে আনতে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। তুলনামূলক কম দামে একাধিক নতুন মডেলের স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চশমাগুলো তৈরি করা হয়েছে বিশ্বের শীর্ষ চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকার সঙ্গে যৌথভাবে।

নতুন সিরিজের বিশেষত্ব হলো, আগের রে-ব্যান বা ওকলি সংস্করণের মতো এতে কোনো পরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করা হবে না। ফলে উৎপাদন খরচ কমিয়ে আরও সাশ্রয়ী মূল্যে পণ্যটি বাজারে আনার সুযোগ তৈরি হয়েছে।

মেটা জানিয়েছে, নতুন স্মার্ট চশমার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার। তুলনায় বর্তমানে বাজারে থাকা মেটার রে-ব্যান স্মার্ট চশমার দাম শুরু হয় ৩৭৯ ডলার থেকে। ফলে নতুন মডেলটি ক্রেতাদের জন্য অপেক্ষাকৃত কম খরচের বিকল্প হবে।

চশমাগুলোতে থাকছে বিল্ট-ইন কৃত্রিম বুদ্ধিমত্তা, যার মাধ্যমে ছবি তোলা, ভিডিও ধারণ, গান শোনা এবং হ্যান্ডস-ফ্রি ফোন কল করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে এআই সহকারীর সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

এ ছাড়া চশমাটি এক ভাষার কথোপকথন অন্য ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করতে সক্ষম হবে। মেটার নিজস্ব এআই প্রযুক্তির সহায়তায় এতে ১৪টি ভাষায় লাইভ অনুবাদের সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে বিদেশ ভ্রমণের সময় স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং আশপাশের পরিবেশ সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া সহজ হবে।

বর্তমানে মেটা ওকলি ব্র্যান্ডের স্মার্ট চশমা ৩৯৯ ডলার থেকে এবং উন্নত ডিসপ্লেসংবলিত মেটা রে-ব্যান মডেল প্রায় ৮০০ ডলারে বিক্রি করছে। নতুন সাশ্রয়ী সংস্করণ বাজারে আনার কারণ ব্যাখ্যা করে মেটার পরিধানযোগ্য প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, ব্যবহারকারীদের জন্য কম বাজেটের একটি কার্যকর স্মার্ট চশমা বাজারে আনার প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বের স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটা শীর্ষ অবস্থানে রয়েছে। তবে প্রতিযোগিতা বাড়ছে দ্রুত। সম্প্রতি স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপও তাদের নতুন প্রজন্মের স্মার্ট চশমা ‘স্পেকস’ উন্মোচনের ঘোষণা দিয়েছে। ফলে আগামী দিনে এআইনির্ভর পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G