পরীক্ষায় নকলের নতুন কৌশল এআই চশমা, যেভাবে চোখের সামনেই ভেসে ওঠে উত্তর

প্রকাশঃ জুন ২৯, ২০২৬ সময়ঃ ১০:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ অপরাহ্ণ

পরীক্ষায় নকল ঠেকাতে নানা ধরনের নজরদারি থাকলেও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে জালিয়াতির কৌশলও বদলাচ্ছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ স্মার্ট চশমা পরীক্ষায় নকলের নতুন মাধ্যম হিসেবে আলোচনায় এসেছে। বিশেষ করে পূর্ব এশিয়ার কয়েকটি দেশে এই প্রযুক্তির অপব্যবহারের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি একটি ইংরেজি ভাষার পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে এআই চশমা ব্যবহার করে নকলের অভিযোগে আটক করা হয়েছে। দেশটিতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির এটিই প্রথম প্রকাশ্যে আসা ঘটনা।

এদিকে তাইওয়ানের একটি মেডিকেল ভর্তি পরীক্ষায়ও একই ধরনের ঘটনা ধরা পড়ে। পরীক্ষার সময় এক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কর্তৃপক্ষ তার চশমা পরীক্ষা করে। পরে দেখা যায়, ডিভাইসটি সক্রিয় ছিল এবং তা থেকে তাপ নির্গত হচ্ছিল।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চীনও পরীক্ষা নিরাপত্তা জোরদার করেছে। দেশটির কলেজ ভর্তি পরীক্ষা বা ‘গাওকাও’-এ অংশ নেওয়া পরীক্ষার্থীদের সব ধরনের চশমা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। চলতি বছর এই পরীক্ষায় অংশ নিয়েছেন এক কোটিরও বেশি শিক্ষার্থী।

কীভাবে কাজ করে এআই চশমা?

বর্তমানে বিশ্বজুড়ে এআইভিত্তিক স্মার্ট চশমার ব্যবহার দ্রুত বাড়ছে। ২০২৩ সালে মেটা তাদের রে-ব্যান স্মার্ট গ্লাস বাজারে আনার পর বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানও নতুন নতুন মডেল উন্মুক্ত করেছে। এসব ডিভাইসে ক্যামেরা, মাইক্রোফোন এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ব্যবহার করা যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চশমা সাধারণ চশমার মতোই দেখতে হওয়ায় সহজে শনাক্ত করা কঠিন। স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয়ে এটি অনলাইন এআই মডেলের সহায়তায় দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারে।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক মেং জিল্লি এআই চশমার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছেন। তার পরীক্ষায় দেখা যায়, ব্যবহারকারী প্রশ্নপত্রের দিকে তাকালেই চশমার ক্যামেরা প্রশ্নগুলো শনাক্ত করে এআই সিস্টেমে পাঠায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হওয়া উত্তর চশমার লেন্সে প্রদর্শিত হয়।

গবেষণার অংশ হিসেবে ১০০ জনের ওপর একটি মক পরীক্ষা চালানো হয়। সেখানে যারা এআই চশমা ব্যবহার করেছিলেন, তাদের অনেকেই তুলনামূলক ভালো ফল করেন এবং সেরা ফলাফল অর্জনকারীদের মধ্যেও স্থান পান।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে পরীক্ষায় এ ধরনের ডিভাইসের অপব্যবহার আরও বাড়তে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন প্রযুক্তি বিবেচনায় রেখে পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থাও আধুনিক করার পরামর্শ দিয়েছেন তারা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G