আজ থেকে রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট ও শপিং মল

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৬ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৫ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠানকে আগের সময়সূচি অনুযায়ী রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় আগের তুলনায় দুই ঘণ্টা কমে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে ২০২৬ সালে কয়েক দফায় দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমায় পরিবর্তন আনে সরকার। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ সাময়িকভাবে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়। এই সুবিধা ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।

নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও পুরোনো সূচিতে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। নতুন করে কোনো সময় বাড়ানোর অনুমতি না থাকায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয়ে কয়েক দফায় পরিবর্তন

চলতি বছরের শুরু থেকেই বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এপ্রিলের শুরুতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি ওঠায় তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। ঈদের পর জুন মাসে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে ১২ আগস্ট থেকে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।

দুর্গাপূজার বিশেষ ছাড়ের মেয়াদ শেষ

আগের সিদ্ধান্ত অনুযায়ী, দোকানপাট ও শপিং মল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার নিয়ম কার্যকর ছিল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল।

সেই বিশেষ অনুমতির মেয়াদ বৃহস্পতিবার, ২২ অক্টোবর শেষ হয়েছে। ফলে শুক্রবার থেকে আবারও সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম কার্যকর হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G