আজীবন দায়িত্ব থেকে অব্যহতি কেন্দ্র সচিবকে
নিজস্ব প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
এসএসসির গণিত পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহের সময় ছানোয়ার হোসেন নামে দামুড়হুদায় এক কক্ষ পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান।
শুক্রবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এবং কক্ষ পরিদর্শক ছানোয়ারকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদুর রহমানের কার্যালয়ে নিয়ে হাজির হন।
দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্র সচিব ফেরদৌস রহমানকে আজীবন সব ধরণের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি ও নকল সরবরাহকারী শিক্ষক ছানোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।
প্রতিক্ষণ/এডি/আশরাফ
























