এক মায়ের অনুরোধে ভিসা সেন্টারে শিশুদের জন্য চালু হলো ‘খেলাঘর’
ঢাকায় দায়িত্ব নেওয়ার পর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিদর্শনের সময় ভিসার আবেদন করতে আসা এক মা শিশুদের জন্য কেন্দ্রটিতে আলাদা একটি নিরাপদ জায়গা রাখার অনুরোধ জানান।
সেই অনুরোধের কয়েক সপ্তাহের মধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। শিশুদের জন্য ‘খেলাঘর’ নামে একটি বিশেষ কর্নার চালু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আজ ওই কর্নারটির উদ্বোধন করা হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, একজন মায়ের সাধারণ একটি অনুরোধও কখনও কখনও মানুষের দৈনন্দিন অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হাইকমিশনারের প্রথম ভিসা কেন্দ্র পরিদর্শনের সময় ওই মা এমন একটি নিরাপদ স্থান তৈরির অনুরোধ করেছিলেন, যেখানে বাবা-মা ভিসার আবেদনসংক্রান্ত কাজে ব্যস্ত থাকার সময় তাদের সন্তানরা স্বাচ্ছন্দ্যে থাকতে ও খেলতে পারবে।
হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, সেই অনুরোধ বাস্তবায়নের পর ওই মা নিজের সন্তানকে সঙ্গে নিয়ে আবার ভিসা কেন্দ্রে ফিরে আসেন। এবার তার আসার উদ্দেশ্য ছিল শিশুদের জন্য তৈরি নতুন ‘খেলাঘর’ উদ্বোধন করা।
হাইকমিশন বলছে, উদ্যোগটি ছোট হলেও এর মাধ্যমে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। নাগরিকদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও নেওয়ার প্রত্যয় জানিয়েছে তারা।
ভারতীয় হাইকমিশনের মতে, মানুষের জন্য নেওয়া এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও প্রাণবন্ত করে। দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কই এ বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও উল্লেখ করেছে হাইকমিশন।
প্রতি / এডি / শাআ



















