এসির ভেতরেই বাসা বেঁধেছিল চার কালনাগিনী

প্রকাশঃ জুন ২৯, ২০২৬ সময়ঃ ১০:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ অপরাহ্ণ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের একটি বাড়ির শোবার ঘরের এসির ভেতর থেকে চারটি কালনাগিনী সাপের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ উদ্ধার অভিযানে তিনটি সাপ ধরা সম্ভব হলেও একটি পালিয়ে যায়।

ঘটনাটি সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টুর বাড়িতে ঘটে। শনিবার বিকেলে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী প্রায় আড়াই ঘণ্টার অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধারের চেষ্টা করে।

বাড়ির মালিক মজিবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে শোবার ঘরের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পেয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে কক্ষটি বন্ধ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। তাদের পরামর্শ অনুযায়ী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়। এসির ইনডোর ইউনিটের ভেতর থেকে তিনটি কালনাগিনী উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ ধরার আগেই পালিয়ে যায়। উদ্ধার হওয়া প্রতিটি সাপের দৈর্ঘ্য আনুমানিক আড়াই থেকে তিন ফুট।

তার ভাষ্য, বাড়ির চারপাশে ঘন ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপগুলো এসির পাইপ কিংবা দেয়ালের ছোট ফাঁক ব্যবহার করে ঘরের ভেতরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, চলতি মাসে বরিশালে কালনাগিনী উদ্ধারের ঘটনা বেড়েছে। এর আগে নগরীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং সাগরদী এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে একটি কালনাগিনী উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে জুন মাসে বরিশালের বিভিন্ন স্থান থেকে ১০টি কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G