কবি গুরুর জন্মদিনে নানা আয়োজন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মদিন উপলক্ষে ৮ মে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান সিরাজগঞ্জের শাহজাদপুরে। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন।
রবীন্দ্রস্মারক বক্তৃতা করবেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কর্মসূচি সম্পর্কে বল হয়, ৮ মে বিকেলে এবং পরবর্তী তিনদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকাসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, নওঁগার পতিসর ও খুলনার দক্ষিণ ডিহিতে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।
এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপনের থিম নির্ধারণ করা হয়েছে ‘সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবির জন্মবার্ষিকী পালন করবে।
জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলসমূহ ব্যাপকভাবে সম্প্রচার করবে।
প্রতিক্ষন/এডি/ সালাহউদ্দিন
























