গরমে স্বস্তি দেবে পানীয়
প্রতিক্ষণ ডেস্ক
বৈশাখ মাসে গরম এমনিতেই বেশি থাকে। মাঝে মাঝেই ভ্যাপসা হয়ে উঠছে পরিবেশ। এমন সময় শরীরকে বশে রাখতে বাড়তি সর্তকতার পাশিপাশি প্রচুর পানি পান করা উচিত। এছাড়া গরমকে রুখতে পানীয়ের বিকল্প নেই।
নানা ধরণের পানীয় আপনি ঘরেই বসেই তৈরি করতে পারেন। এসব পরিবারের ছোটদের জন্য যেমন পুষ্টিদায়ক তেমনি বড়দের জন্য উপাদেয়। আসুন আজ জেনে নিই কিছু রেসিপি।
লেবুর সরবত : এক গ্লাস পানিতে একটি গোটা লেবু রস বের করে নিন। এতে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে মিশিয়ে ঠান্ডা করে নিন। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। আর সর্দি থাকলে স্বাভাবিক তাপমাত্রায় রেখেই পান করুন লেবুর শরবত।
লাচ্চি : দইয়ের সঙ্গে পানি মিশিয়ে নিজের পছন্দ মতো ঘনত্বে আনুন। এতে এক চিমটি লবণ ও ১ চা চামচ চিনি মিশিয়ে নিন। এবার মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিন। এটি শরীরের পক্ষেও ভালো। খেতেও সুস্বাদু। চাইলে আম বা স্ট্রবেরি মিশিয়ে নিতে পারেন।
ডাবের পানি : ডাবের পানি গরমের সময় পান করা সবচেয়ে উপকারী। সুযোগ পেলেই ডাবের পানি পান করুন। শরীর ঠান্ডা থাকবে। আপনিও সুস্থ থাকবেন এই ভ্যাপসা গরমেও।
কমলালেবুর রস : অরেঞ্জ জুস বা কমলা লেবুর রস বের করে অল্প চিনি বা মধু দিয়ে খেলে গরমেও পেট পরিস্কার থাকবে। পেটের সমস্যা হবে না।
শশা ও ব্রকোলি জুস : ব্রকোলি ও শশার ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দিন। খেয়াল রাখবেন শশা ছাড়িয়ে নেবেন। এবার এতে ১ টেবিল চামচ মধু ও স্বাদ ব্যালান্সের জন্য এক চুটকি লবণ দিন। চাইলে এতে অল্প লেবুর রসও দিতে পারেন। ভালো করে ছেঁকে নিয়ে পান করুন।
পুদিনা আইস টি : পুদিনা পাতা শরীর ঠান্ডা করে। চায়ের লিকার ফোটানোর সময় কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন। লিকার হয়ে গেলে, ছেঁকে ঠান্ডা করে পান করুন।
গাজরের রস : গাজরের রসে আপনি চাইলে চাট মশলা দিয়ে খেতে পারেন। গাজর এমনিতেই একটু মিষ্টি ভাব থাকে। ফলে আলাদা করে চিনি না দিলেও চলবে।
তরমুজের জুস : তরমুজ ছাড়িয়ে ভিতরের বিচি বের করে নিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে গেল তরমুজের জুস।
টমেটোর জুস : টমেটো ভিটামিন সি তে পরিপূর্ণ। ফলে এটা আপনাকে শক্তি দেবে। ওপরের খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটু চাট মশলা ও মধু দিয়ে ভালো করে রস বের করে নিন। তৈরি হয়ে গেলো টমেটো জুস।
স্ট্রবেরি জুস : একইভাবে স্ট্রবেরির টুকরো ও চিনি দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিন। প্রয়োজনে অল্প জল মেশাতে পারেন। এতে নুন বা চাট মশলা দেবেন না।
প্রতিক্ষণ/এডি/এআই
























