ত্বকের সমস্যা থেকে বাঁচতে যা করবেন
লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও অনেক সময় দেহের ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। ত্বকে ব্রণের সমস্যা, ছোটো ছোটো ফুসকুড়ি, চুলকানি, ইনফেকশন ইত্যাদি নানা উপসর্গ। যদি এমন কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে প্রথমেই নজর দিন দৈনন্দিন ব্যবহার্য কিছু জিনিসের প্রতি।
আপনার দৈনন্দিন জিনিসগুলো পরিবর্তন করে দেখুন, অনেকটা ভালো ফল পাবেন। ত্বকের সমস্যা থেকেও রেহাই পাবেন।
চলুন তাহলে জেনে নিই সে সম্পর্কে:
১. সাবান:
অতিরিক্ত ক্ষার যুক্ত সাবান হলে তা খুব সহজেই ত্বক রুক্ষ ও শুষ্ক করে ফেলে। এতে করে ত্বকে ইনফেকশন, চুলকোনি এবং ব্রণের মতো সমস্যা দেখা দেয়। তাই সাবানের ক্ষারের মাত্রা দেখে সাবান পরিবর্তন করুন।
২. পারফিউম:
সকলেই পারফিউম কেনার সময় সুঘ্রাণ দেখে কিনে থাকেন। কিন্তু পারফিউমের উপকরন দেখে নেয়াও অনেক বেশি জরুরী। অতিরিক্ত কেমিক্যাল সমৃদ্ধ পারফিউম যা ত্বকের জন্য ক্ষতিকর সেধরনের পারফিউম থেকে দূরে থাকুন।
৩. পেট্রোলিয়াম জেলি:
পেট্রোলিয়াম জেলি যা ত্বক হাইড্রেট করতে ব্যবহার করা হয় এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি ত্বক হাইড্রেট করার জন্য ত্বকের উপরে তেলতেল একটি স্তর তৈরি করে যার কারণে ত্বকে ধুলোবালি আটকে যায়। এতে করেই ত্বকে নানা সমস্যা দেখা দেয়।
৪. অতিরিক্ত তাপমাত্রা:
রান্নাঘরে অতিরিক্ত তাপে থাকা এবং কারখানাতে তাপমাত্রার মধ্যে থাকার কারণেও কিন্তু ত্বকের উপরিভাগের ময়েসচার দূর হয়ে যায়। এতে করে ত্বকে ইনফেকশন পর্যন্ত হতে পারে। তাই তাপমাত্রা থেকে দূরে থাকতে না পারলেও প্রচুর পরিমাণে পানি পান করে ত্বকে ময়েসচার ধরে রাখুন।
৫. ফেব্রিক সফটনার এবং ড্রাইয়ার সিট:
কাপড় ভালো রাখতে এবং দৈনন্দিন নানা কাজে আমরা ফেব্রিক সফটনার ও ড্রাইয়ার সিট ব্যবহার করে থাকি যা অতিরিক্ত কেমিক্যাল সমৃদ্ধ। এই কেমিক্যাল ত্বকের সংস্পর্শে এলে আমরা ত্বকের সমস্যায় ভুগে থাকি।
৬. সিল্ক, জর্জেট ও উলের কাপড়:
এইধরনের কাপড়গুলো সাধারণত অনেক বেশি খসখসে হয়। গরমকালে এই ধরণের কাপড় পড়ার ফলে ঘামও বেশি হয়। আর এই দুটি সমস্যার কারণেই ত্বকে দেখা দেয় চুলকোনি ও ইনফেকশন।
৭. অ্যালকোহল সমৃদ্ধ টোনার:
মুখের ত্বক পরিষ্কার রাখতে অনেকেই টোনার ব্যবহার করেন। কিন্তু টোনার যদি অনেক বেশি অ্যালকোহল সমৃদ্ধ হয় তাহলে ত্বকের উল্টো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই টোনারের উপকরন দেখে কিনুন।
এছাড়াও আরও কিছু কাজ থেকে বিরত থাকুনঃ-
– অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া কমাবেন। কারণ লবণ দেহের পানি শুষে নিয়ে আপনাকে পানিশূন্য করে ফেলতে পারে যার ফলাফল দেখা দেয় ত্বকের সমস্যা হিসেবে।
– অতিরিক্ত ঝাল খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ ঝাল খাবার দেহের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়।
প্রতিক্ষণ/এডি/শিমু
























