নারী চালক-কন্ডাক্টরে ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

প্রকাশঃ আগস্ট ১৯, ২০২৬ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সেবা ‘পিংক বাস’ নামে পরিচিত হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন। প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চালানো হবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এ সেবায় যুক্ত হবে।

ঢাকার যেসব রুটে চলবে ‘পিংক বাস’

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল:
কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলাচল করবে।

তালতলা-মতিঝিল:
তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে যাবে বাস।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও:
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলবে।

মিরপুর-১০-মতিঝিল:
মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।

মিরপুর-মতিঝিল:
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

মিরপুর-১২-মতিঝিল:
মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

মোহাম্মদপুর-মতিঝিল:
মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত চলবে।

আব্দুল্লাহপুর-মতিঝিল:
আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

গাজীপুর-বিমানবন্দর:
গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।

ঢাকার বাইরেও চলবে বিশেষ বাস

রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও চালু হচ্ছে এই বিশেষ বাস সেবা। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলবে।

চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এই রুটে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত থাকবে।

নারীদের গণপরিবহন ব্যবহারে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি গণপরিবহনে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে বিআরটিসি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G