পাকা তাল দিয়ে ভিন্ন স্বাদের দুই পিঠা, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ আগস্ট ২৭, ২০২৬ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

তাল বাংলাদেশের অতি পরিচিত মৌসুমি ফল। পাকা তাল দিয়ে যেমন নানা ধরনের খাবার তৈরি করা যায়, তেমনি এতে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণও। বিশেষ করে পাকা তালের রস বা গোলা দিয়ে তৈরি পিঠাপুলি বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বেশ জনপ্রিয়।

তালের বড়া থেকে শুরু করে নকশি পাকন পিঠা, তালের ব্যবহার রয়েছে নানা রকমের পিঠায়। স্বাদ ও তৈরির পদ্ধতিতে প্রতিটি পিঠার রয়েছে আলাদা বৈশিষ্ট্য। পাকা তাল দিয়ে ঘরেই সহজে তৈরি করতে পারেন এমন দুই ধরনের পিঠার রেসিপি থাকছে এখানে।

তালের বড়া

প্রয়োজনীয় উপকরণ

  • পাকা তালের গোলা দেড় কাপ
  • মিহি করে কোরানো বা বাটা নারিকেল ১ কাপ
  • চালের গুঁড়া দেড় কাপ
  • ময়দা অথবা সুজি আধা কাপ
  • আখের গুড় অথবা চিনি ১ কাপ
  • লবণ এক চিমটি
  • সয়াবিন তেল, ভাজার জন্য প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় পাত্রে পাকা তালের গোলা নিন। এর সঙ্গে নারিকেল, চালের গুঁড়া, ময়দা বা সুজি, আখের গুড় কিংবা চিনি এবং এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর হাত দিয়ে মিশ্রণটি কয়েক মিনিট ভালোভাবে ফেটিয়ে নিন। এতে উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিশে যাবে এবং বড়ার মিশ্রণটি কিছুটা নরম ও মসৃণ হবে।

এবার একটি কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে হাত দিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল বা পছন্দমতো আকার দিয়ে তেলে ছাড়ুন।

মাঝারি আঁচে বড়াগুলো উল্টেপাল্টে ভাজতে হবে, যাতে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পাশাপাশি বাইরের অংশও সমানভাবে সোনালি-লালচে হয়। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু তালের বড়া।

তালের নকশি পাকন পিঠা

প্রয়োজনীয় উপকরণ

  • পাকা তালের গোলা ১ কাপ
  • তরল দুধ দেড় কাপ
  • নারিকেল বাটা আধা কাপ
  • চিনি ৩/৪ কাপ
  • চালের গুঁড়া ২ কাপ
  • ডিম ১টি
  • ঘি অথবা সয়াবিন তেল ২ টেবিল চামচ
  • স্বাদমতো লবণ
  • ভাজার জন্য প্রয়োজনমতো তেল

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি হাঁড়িতে দুধ, পাকা তালের গোলা, নারিকেল বাটা, চিনি এবং সামান্য লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে আঁচ কমিয়ে ধীরে ধীরে চালের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিন।

চালের গুঁড়া ভালোভাবে মিশে ঘন হয়ে এলে হাঁড়িটি ঢেকে কিছুক্ষণ রাখুন। এরপর চুলা থেকে নামিয়ে খামিরটি কিছুটা ঠান্ডা হতে দিন।

খামির সহনীয় গরম হলে এর মধ্যে একটি ডিম ও দুই টেবিল চামচ ঘি বা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মথে নিন। মথতে হবে যতক্ষণ না খামির নরম, মসৃণ ও সহজে আকার দেওয়ার মতো হয়।

এবার খামির থেকে ছোট ছোট অংশ নিয়ে লেচি তৈরি করুন। প্রতিটি লেচি হাতের তালুতে ঘুরিয়ে চ্যাপ্টা করে পেড়ার মতো আকার দিন।

পিঠার ওপর পছন্দমতো নকশা করতে পারেন। এজন্য টুথপিক, খেজুরের কাঁটা কিংবা নকশি ছাঁচ ব্যবহার করা যায়। ফুল, পাতা বা অন্যান্য নকশা ফুটিয়ে তুলতে পারেন নিজের পছন্দ অনুযায়ী।

সবশেষে কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে পিঠাগুলো ছাড়ুন। দুই পাশ ভালোভাবে ভেজে সোনালি ও মচমচে হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।

তৈরি হয়ে গেল পাকা তালের সুস্বাদু নকশি পাকন পিঠা। গরম বা ঠান্ডা, দুইভাবেই পরিবেশন করা যায়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G