রিয়াজ রহমানের উপর হামলায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার দেশের বিভিন্ন সহিংসতার ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানাচ্ছি। গিবসন বাংলাদেশ সরকারের কাছে ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, যুক্তরাজ্য সব পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহিংসতা ও স্বাভাবিক জীবন যাত্রায় বিঘœ সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জানাচ্ছে।
সেই সঙ্গে রংপুরে যাত্রীবাহী বাসে আক্রমণে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায়ও গভীর দুঃখ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

























