শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে সোলার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা রাখা হবে না।
বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একটি সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওমেরা কর্তৃপক্ষও উপস্থিত ছিল।
শিক্ষামন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এসএসসি পরীক্ষা ১০ বছরের মধ্যে এবং এইচএসসি পরীক্ষা ১২ বছরের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কাজ চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সেখানে সিলেবাস সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের উপায় নিয়ে আলোচনা করা হবে।
দেশের উন্নয়নে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে সরকার বলেও মন্তব্য করেন তিনি।
প্রতি / এডি / শাআ













