সালাহ উদ্দিনকে হাজিরের শুনানি আজ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

salaবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে হাজির করার আবেদনের ওপর আজ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার দুপুরে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এ আদালত নতুন এই তারিখ দেন।

এর আগে গতকাল সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখা।

প্রতিটি বিভাগই জানায়, সালাহ উদ্দিন আহমদকে পুলিশের কোনো শাখা আটক বা গ্রেপ্তার করেনি। তাকে খুঁজেও পাওয়া যায়নি। তবে খুঁজে পাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রোববার দুপুরে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই প্রতিবেদন আদালতে দাখিল করেন। এ সময় তিনি রুলটি নিষ্পত্তির আরজিও জানান।

সালাহ উদ্দিন আহমদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, আমরা পুলিশ প্রতিবেদনের অনুলিপি পাইনি। এ বিষয়ে আমাদের কিছু জবাব দেওয়ার আছে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা হালকাভাবে নেওয়া যায় না।

এ সময় আদালত বলেন, এ ধরনের একটা বিষয়ে আমরা কেন এত সময় নেব। যেখানে পুলিশের ৪টি শাখার প্রতিবেদনেই বলা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা রুল নিষ্পত্তি করে একটা পর্যবেক্ষণ দিতে পারি যে, সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার প্রচেষ্টা যেন অব্যাহত রাখা হয়।

এ সময় মওদুদ আহমদ বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন। এ জন্য তিনি আবারও শুনানির জন্য সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার আবারও শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

সালাহ উদ্দিনের পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি।

এই প্রেক্ষাপটে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর খোঁজ চেয়ে হাইকোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত বৃহস্পতিবার একটি রুল জারি করে।

সালাহ উদ্দিন আহমদকে কেন খুঁজে বের করা হবে না এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় তাকে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলা হয়।

সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদের দাবি, ‘ডিবি’ পরিচয়দানকারী একদল অস্ত্রধারী গত ১০ মার্চ মঙ্গলবার রাতে তার স্বামীকে উত্তরা থেকে ধরে নিয়ে গেছে। উত্তরার ওই বাড়ির নিরাপত্তাকর্মীও সালাহ উদ্দীনকে ধরে নেওয়ার বর্ণনা দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G