২০২৭ সালের রমজান শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল
২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে হতে পারে, তা নিয়ে ইতোমধ্যে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও হিজরি বর্ষপঞ্জির তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুরু হতে পারে।
জর্দান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হতে পারে।
রমজান শুরুর আগে ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দৃশ্যমান হওয়া এবং শাবান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হচ্ছে, তার ওপরই রমজানের প্রথম দিন নির্ধারিত হবে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি, রবিবার মাসটি শেষ হতে পারে। সেক্ষেত্রে পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।
ঈদুল ফিতর কবে হতে পারে?
রমজান মাস কত দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান ২৯ দিনের হতে পারে। সে হিসাবে ১০ মার্চ ২০২৭, বুধবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এগুলো এখনো সম্ভাব্য তারিখ। রমজান ও ঈদুল ফিতরের দিন চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ চূড়ান্ত বলা যাবে না। সৌদি আরবসহ বিভিন্ন দেশে চাঁদ দেখা ও ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হবে। বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান ও ঈদের তারিখ চূড়ান্ত করা হবে।
প্রতি / এডি / শাআ



















