আগুনে পা দিতে আসবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৯:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট

শেখ-হাসিনাসংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির (ক্যাপিটাল পানিশমেন্ট) ব্যবস্থা রয়েছে। তাই কেউ এভাবে ‘আগুনে পা দিতে আসবেন না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া মনে করছেন, ‘উত্তরপাড়া’ থেকে এসে তাঁকে ক্ষমতায় বসিয়ে দেবেন। তিনি যাঁদের নিয়ে ভাবেন, তারাও জানে এভাবে ক্ষমতায় এলে কী পরিণতি হয়। সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির (ক্যাপিটাল পানিশমেন্ট) ব্যবস্থা রয়েছে। এভাবে কেউ আগুনে পা দিতে আসবে না।

 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসাংবিধানিক পথে ক্ষমতা দখল করতে চান- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিনি [খালেদা জিয়া] একটি বিশেষ জায়গার দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে কেউ একজন এসে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দাবি করেছেন, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। তিনি অবৈধভাবে ক্ষমতায় যেতে চান।’

 তবে অবৈধভাবে ক্ষমতা দখলের অপচেষ্টাকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা সংবিধানে সংশোধনী এনেছি। বর্তমান সংবিধান অনুযায়ী অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।’

 এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পরিণতি প্রত্যেকের জানা আছে। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, ফখরুদ্দিন ও মঈনউদ্দিন পরিণতি ভোগ করেছেন। তাই আমি বিশ্বাস করি, এখন আর কেউ এই আগুনের দিকে পা বাড়াতে আগ্রহী হবে না।’

সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রাহাত খান, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন।

 সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

 আলোচনার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার জাতীয় নেতা, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G