২ মাস বন্ধ থাকার পর শাবি খুলছে আজ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে প্রায় ২ মাস বন্ধ থাকার পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খুলছে আজ।
এছাড়া গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল খুলে দেয়া হয়েছে। এদিকে গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্র হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় হল থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্পাসসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জালালাবাদ থানা পুলিশ গতকাল বিকালে ৩টি আবাসিক ছাত্র হলে অভিযান চালায়। হলে থাকা অছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও কোনো ধরনের অস্ত্র আছে কি না তা দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শাহপরণ হল, দ্বিতীয় ছাত্র হল ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাসের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
পরবর্তী সময়ে ক্লাস শুরুর তারিখ জানিয়ে দেয়া হবে বলে প্রশাসনিকসূত্রে জানা যায়। উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর হল দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস নিহত হন।
প্রতিক্ষণ/এডি/সুজনা
























