স্বামী-স্ত্রীর মানসিক প্রশান্তি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
স্বামী-স্ত্রী। পৃথিবীর সবচেয়ে আপন এবং মধুর একটি সম্পর্কের বন্ধন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ সম্পর্কটির ব্যপারে ভয়ংকর একটি তথ্য দিয়েছেন। তথ্যটি হচ্ছে, যে সমস্ত স্বামীদের টেনশনগ্রস্ত স্ত্রী রয়েছে, তাদের উচ্চ রক্তচাপ থাকার সম্ভাবনা বেশী, আবার একইভাবে স্বামী যদি স্ট্রেসজনিত সমস্যায় আক্রান্ত থাকেন, তাহলে স্ত্রীরও উচ্চ রক্তচাপ থাকতে পারে।
গবেষণায় প্রমাণিত হয় যে, টেনশন এবং অসুখী বিবাহিত জীবন রক্তচাপ বাড়িয়ে দেয়। সিস্টোলিক রক্তচাপকে একটা মাপকাঠি হিসেবে ধরে নিয়ে নতুন এই গবেষণা বলছে, একজন মানুষের রক্তচাপ বৃদ্ধি পায় অনেক সময় তার নিজের জীবনের টেনশনের কারণে। আবার অনেক সময় বিবাহিত দম্পতিদের মধ্যে তার সঙ্গী বা সঙ্গিনী কেউ যদি টেনশনে আক্রান্ত হন তাহলেও।
গবেষণাটিতে আরও বলা হয়েছে, বিবাহিত জীবনে একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্টতা এবং তার জীবনধারণের পরিস্থিতি,অনেকাংশেই নির্ভর করছে তার সঙ্গী বা সঙ্গিনীর মানসিক অবস্থা এবং জীবন থেকে অর্জন করা অভিজ্ঞতার ওপর।
তবে এই গবেষণা থেকে উঠে আসা আরেকটি উল্লেখযোগ্য তথ্য হল, একজন স্বামী তার স্ত্রীর প্রতি অনেক বেশি সংবেদনশীল থাকেন যখন তিনি মানসিকভাবে অস্থির হন। তবে এর অন্য কারণ হল, স্বামীরা তার স্ত্রীদের কাছে মানসিক প্রশান্তি চান, যা তারা অস্থির থাকলে, তাঁদের দিতে পারেন না। তাই হয়তো, তখন তারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল
























