সৌহার্দের বোন
জাকির আবু জাফর
আমাদের আকাশজুড়ে পাখা ঝাপটায় ঈগল আতঙ্ক
বাতাসে ফণা তুলছে দেশদ্রোহী মেঘেরা,
মধ্যবিত্ত ছায়ার সংসারে লেলিহান আগুন
এবং সময়ের হাতে যেনো বিষণ্নতার নোটিশ
এখন আর কোনো উত্তাপ নেই দারিদ্র্য রোদের হাতে।
এক অস্থির আশঙ্কায় ঝিমিয়ে পড়েছে প্রতিবাদী রোদেরা
সাহসের পা ডুবে গেছে সংশয়ের জলে
রাতকে কে জাগিয়ে দেবে ভোরের দিকে।
হে সাহসের ভাই
হে সৌহার্দের বোন
হে সহিষ্ণুতার বন্ধু
এই রোদ ছায়া তোমাদেরই আত্মীয় ছিলো
তোমাদেরই প্রতিবেশী ছিলো ছায়াদার মেঘেরা,
এখন মেঘ থেকে কেনো ঝরে মর্মান্তিক শোকবৃষ্টি
কেন বাতাসে বারুদ বর্ষণ করে নৃশংস পুঁজির হয়ে
কেন আমাকে আশ্চর্য ভয়ের পিষ্টনে বিক্ষত করো
স্বপ্নকে শংকার অস্থিরতায় জাগিয়ে তোলো কেনো
আমাদের পূর্বপুরুষের সাহস চাষ করি আমরা
বাতাসে কান পাতলেই শুনবেন প্রতিবাদের রুদ্রধ্বনি
একবার জ্বালিয়ে দিলেই ঝাঁ জ্বলবে এইসব লালসার উঠোন
সব ভয় বিষণ্নতাও বীভৎসতার পাঁজর ভেঙে
আবার জ্বলে উঠবে সাহসী রোদেরা।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি

























