চোখে আঘাতপ্রাপ্ত সিদ্দিকুরের দেখার সম্ভাবনা কম

প্রকাশঃ জুলাই ২২, ২০১৭ সময়ঃ ৫:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় চোখে আঘাতপ্রাপ্ত তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. সিদ্দিকুর রহমানের (২৩) চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা কম বলে জনিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার দুই চোখে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা এ কথা জানান।

অস্ত্রোপচারের পর ঐ হাসপাতালের সহযোগী অধ্যাপক ইফতেখার মনির বলেন, আঘাতে সিদ্দিকুরের দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে দুই চোখ অস্ত্রোপচার করা হয়েছে। তিনি জানান, সিদ্দিকুরের ডান চোখের ভেতরের অংশ বের হয়ে আসছিল; তা যথাস্থানে বসানো হয়েছে। বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে; রক্ত ছিল, তা পরিষ্কার করা হয়েছে। তবে চোখের আলো ফিরে আসার সম্ভাবনা কম।

এর আগে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. শ্যামল কুমার সরকার বলেছিলেন, সিদ্দিকুর চোখের ভিশন পাচ্ছেন না। আমরা এক্সরে সিটি স্ক্যান করে দেখেছি, তার চোখের পেছনের হাড় ভেঙে গেছে। তার চোখের পাতা প্রচণ্ড ফোলা ছিল। রোগীর সঙ্গে আসা লোকেরা তার চোখে গুলি লেগেছে বলে জানালেও আমরা ভেতরে গুলি পায়নি। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, লাঠি বা শক্ত কিছুর আঘাতে চোখের পেছনের হাড় ভেঙে গিয়েছে।

উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ঐ দিন পুলিশের কাঁদানে গ্যাসের শেলে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর। এ ঘটনায় পরদিন উল্টো পুলিশ শাহবাগ থানায় ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে। এজাহারে সিদ্দিকুর আহত হওয়ার বিষয়ে বলা হয়েছে, মিছিলকারীদের ছোঁড়া ফুলের টবের আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ জখম হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G