ফেসবুকে রাবি ছাত্রলীগের নাশকতার দায় স্বীকার !
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলার দায় স্বীকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামের অফিসিয়্যাল ফেসবুক পেজ থেকে এ দায় স্বীকার করা হয়।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেছেন, ‘এ্যাকাউন্ট হ্যাক’ করে শিবির ওই পোস্ট করেছে।
রাবি ছাত্রলীগের অফিসিয়্যাল ফেসবুক পেজটির একটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘চিন্তা করো মামা কি ব্রেইন। পেট্রোল বোমা ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি ছাত্রদল জামায়াত শিবীর এর। একেই বলে পলিটিকস।’ ওই পেজটির লিঙ্কটি হল-
(https://www.facebook.com/BangladeshStudentLeagueRajshahiUniversity)
প্রায় সাড়ে ৮ হাজার লাইকের ওই ফ্যান পেজে এই পোস্ট দেয়ার ১২ মিনিটের মাথায় ১২টি লাইক পড়ে। প্রায় ৪০ মিনিট পর ওই পোস্ট ডিলিট করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় স্ট্যাটাসটি দেয়ার আধা ঘন্টা পর আর সেখানে গিয়ে লেখাটি পাওয়া যায়নি। স্ট্যাটাসটি দেখার পর বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, রাবি ছাত্রলীগের নামে খোলা ওই পেজটি ছাত্রলীগের অফিসিয়াল পেজ।
পেজের এ্যাডমিন ছাত্রলীগের দু’জন কর্মীর সঙ্গে পরে এ বিষয়ে আমার কথা হয়েছে। একজন এ্যাডমিনের ব্যক্তিগত একাউন্ট হ্যাক হওয়ায় তার একাউন্ট থেকে ওই পোস্ট দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের নিকট মৌখিকভাবে জানিয়েছি।
ওই স্ট্যাটাসটি পরবর্তীতে কারা মুছে ফেলেছে বিষয়টি জানতে চাইলে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তবে হ্যাক হওয়া পেজ এতদ্রুত কিভাবে উদ্ধার হয়েছে জানাতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
এদিকে গত তিন-চারদিন ধরে রাবির আবাসিক হলসহ ক্যাম্পাসের ভিতরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ছাত্রলীগের একটি গোপন সূত্র জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যাবস্থা জোরদারের জন্য বিভিন্ন সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হাতবোমার বিস্ফোরণের সঙ্গে জড়িত।
























