কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনছে ফেসবুক

প্রকাশঃ আগস্ট ১৩, ২০২৬ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

কনটেন্ট নির্মাতাদের জন্য আলাদা অ্যাপ চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় কনটেন্টের সাফল্য বিশ্লেষণ এবং দর্শক বাড়ানোর বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে।

কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালানোর পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সহকারী, যা নির্মাতার প্রকাশিত কনটেন্ট, দর্শকের আগ্রহ এবং পোস্টের ফলাফল পর্যালোচনা করে ব্যক্তিগত পরামর্শ দেবে।

নতুন অ্যাপ ব্যবহারের ফলে কনটেন্টের পরিসংখ্যান বুঝতে নির্মাতাদের আলাদাভাবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে হবে না। কোন সময়ে পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, কোন পোস্ট তুলনামূলক ভালো করছে এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন, এসব তথ্য সহজেই জানা যাবে।

এআই সহকারীর সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগও রাখা হয়েছে। নির্মাতারা নিজেদের কনটেন্ট বা দর্শকসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলে অ্যাপটি সেই অনুযায়ী তথ্য ও পরামর্শ দেওয়ার চেষ্টা করবে।

দর্শকদের মন্তব্য ব্যবস্থাপনাতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদাভাবে শনাক্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে এআই সহকারী। তবে প্রকাশের আগে নির্মাতারা চাইলে সেই উত্তর নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন।

অ্যাপটি প্রতিদিন চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখাবে। সেখানে সর্বশেষ প্রকাশিত পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং কোন কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন, সেসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নির্মাতাদের জন্য ফেসবুকের এই উদ্যোগ প্ল্যাটফর্মটিতে কনটেন্ট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে। একই সঙ্গে টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের ধরে রাখার ক্ষেত্রেও নতুন অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া কনটেন্ট বিশ্লেষণ ও ব্যবস্থাপনার জন্য বাইরের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সেবার ওপর নির্মাতাদের নির্ভরতা কমানোর সুযোগও তৈরি হতে পারে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশ ও অঞ্চলের নির্মাতাদের কাছেও এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G