নিলামে নতুন রেকর্ড গড়ল ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি। বিশেষভাবে তৈরি ‘ফেরারি লুসে’ নামের গাড়িটির দাম উঠেছে ৪ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত আরএম সোথেবিজের বিশেষ দাতব্য নিলামে গাড়িটি বিক্রি হয়। এর বিক্রয়মূল্য স্বাভাবিক দামের তুলনায় ৩৫ গুণেরও বেশি। নতুন গাড়ি নিলামে বিক্রির ক্ষেত্রে এমন মূল্যকে রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গাড়িটি নিলামে তোলার আগে এর নকশা ও নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইফোনের নকশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ব্রিটিশ ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনাতেও লুসের নকশায় বিশেষত্ব যোগ হয়েছে।
নিলাম আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, গাড়িটি বিক্রি করে পাওয়া সম্পূর্ণ অর্থ ফেরারির একটি শিক্ষামূলক দাতব্য কর্মসূচিতে দেওয়া হবে। তবে বিপুল অর্থ খরচ করে গাড়িটি কিনেছেন এমন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
নকশায় ভিন্নতা, তবু সমালোচনা
ফেরারি গত মে মাসে লুসে মডেলটি আনুষ্ঠানিকভাবে সামনে আনে। গাড়িটির বাহ্যিক নকশায় ছিল আলাদা ধরনের ফিনিশিং, বিশেষভাবে তৈরি চাকা, পরিবর্তিত ব্রেক ব্যবস্থা এবং সাদা রঙের আকর্ষণীয় আবরণ।
তবে নতুন মডেলটি সবার প্রশংসা পায়নি। ফেরারির ঐতিহ্যবাহী নকশা ও পরিচিত বৈশিষ্ট্য থেকে গাড়িটি অনেকটাই আলাদা বলে মন্তব্য করেন সমালোচকেরা। বিশেষ করে গাড়িটি বৈদ্যুতিক এবং এতে পাঁচটি আসন থাকায় ফেরারির প্রচলিত স্পোর্টসকার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
বৈদ্যুতিক গাড়ির বাজারে ফেরারির প্রবেশ
লুসের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ফেরারি। বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা হিসেবে দীর্ঘদিনের পরিচিত এই প্রতিষ্ঠানকে এবার বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হচ্ছে।
গাড়িটির উন্মোচনকে সাম্প্রতিক সময়ে ফেরারির সবচেয়ে আলোচিত নতুন মডেল প্রকাশের ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হয়। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা এবং পোপ লিওকেও গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে উন্মোচনের পর থেকেই লুসে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর প্রভাব ফেরারির শেয়ারবাজার মূল্যেও পড়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাবেক চেয়ারম্যানও ছিলেন সমালোচকদের একজন
লুসের সমালোচকদের তালিকায় ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কোরদেরো দি মনতেজেমোলো।
মনতেজেমোলো মনে করেন, এ ধরনের পরিবর্তন ফেরারির দীর্ঘদিনের ঐতিহ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাঁর বক্তব্যের মূল উদ্বেগ ছিল, বৈদ্যুতিক প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হতে গিয়ে ব্র্যান্ডটির ঐতিহাসিক পরিচয় যেন হারিয়ে না যায়।
অন্যদিকে সোথেবিজের পক্ষ থেকে বলা হয়েছে, এই দাতব্য নিলাম শুধু একটি গাড়ি বিক্রির ঘটনা নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি চিন্তার বিষয়টিও এর সঙ্গে যুক্ত।
ফেরারির গাড়ির নিলামে নতুন রেকর্ড
নিলামে ফেরারির বিশেষ সংস্করণের গাড়ির উচ্চমূল্যে বিক্রির নজির নতুন নয়। এর আগেও প্রতিষ্ঠানটির একাধিক গাড়ি নিলামে বিপুল অর্থে বিক্রি হয়েছে।
২০২৫ সালে বিশেষভাবে তৈরি একটি ফেরারি ডেটোনা এসপি ৩ নিলামে ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। সেই অর্থও ফেরারির শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করার জন্য সংগ্রহ করা হয়েছিল।
সেই সময় নতুন গাড়ি নিলামে বিক্রির ক্ষেত্রে সেটিই ছিল সর্বোচ্চ দামের রেকর্ড। এবার ৪ কোটি ডলারে লুসে বিক্রি হওয়ায় সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ফেরারির নতুন বৈদ্যুতিক গাড়িটি।
প্রতি / এডি / শাআ



















