আয়ারল্যান্ডে ৪৪০ একরের ঐতিহাসিক প্রাসাদ কিনলেন জাকারবার্গ

প্রকাশঃ আগস্ট ২৩, ২০২৬ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসেল কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। প্রায় ৪৪০ একর জমির ওপর থাকা এই বিশাল এস্টেটকে আয়ারল্যান্ডে অবস্থানের সময় পারিবারিক আবাস হিসেবে ব্যবহার করবেন তারা।

ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়া এই লেনদেনের সঠিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, পুরো সম্পত্তিটির সম্ভাব্য মূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে। কয়েক সপ্তাহ আগেই জাকারবার্গ ও প্রিসিলা চ্যান আনুষ্ঠানিকভাবে এর মালিকানা নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাকারবার্গের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ঐতিহাসিক স্থাপনাটির ঐতিহ্য ধরে রাখা এবং পরিবারের সঙ্গে আয়ারল্যান্ডে সময় কাটানোর বিষয়ে তারা আগ্রহী। দেশটির সঙ্গে জাকারবার্গের ব্যবসায়িক সম্পর্কও বেশ পুরোনো। কারণ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেই মেটার আন্তর্জাতিক সদর দপ্তর অবস্থিত।

প্রায় দুই শতাব্দীর পুরোনো প্রাসাদ

ব্ল্যাকওয়াটার ভ্যালিতে অবস্থিত স্ট্রানক্যালি ক্যাসেলের স্থাপত্যে গোথিক পুনরুজ্জীবনশৈলীর ছাপ রয়েছে। প্রাসাদটির নকশার সঙ্গে স্থপতি জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইনের নাম জড়িত। ১৮৩০ সালে তৎকালীন কনজারভেটিভ এমপি জন কিলির জন্য প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল।

স্ট্রানক্যালি ক্যাসেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর বিশাল আয়তন। দ্য আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী, ভবনটির রান্নাঘর থেকে খাবার ঘরে দ্রুতগতিতে হাঁটলেও পৌঁছাতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে। পুরো এস্টেটজুড়ে রয়েছে বড় বাগান, বনাঞ্চল এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা।

আগের মালিকও করেছিলেন সংস্কার

২০০০-এর দশকের শুরুতে লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি স্ট্রানক্যালি ক্যাসেল কিনেছিলেন। পরে তিনি প্রাসাদটির সংস্কার করেন।

প্রায় ২৫ বছর পর এবার সম্পত্তিটির মালিকানা চলে গেল জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের হাতে। ঐতিহাসিক ভবনটির সংরক্ষণে নতুন মালিকদের আগ্রহের কথাও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রই থাকবে প্রধান আবাস

জাকারবার্গের পরিবার যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান আবাস হিসেবে রাখবে। তবে আয়ারল্যান্ডে অবস্থানের সময় স্ট্রানক্যালি ক্যাসেলই পরিবারের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হবে বলে জানা গেছে।

আয়ারল্যান্ডে মেটার দীর্ঘদিনের ব্যবসায়িক উপস্থিতির কারণে দেশটির সঙ্গে জাকারবার্গের পেশাগত যোগাযোগও বেশ ঘনিষ্ঠ। এর আগে দেশটিতে আরও বড় সম্পত্তি কেনার ব্যাপারে তাঁর আগ্রহের খবর সামনে এসেছিল। যদিও সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

স্ট্রানক্যালি ক্যাসেল কেনার মধ্য দিয়ে এবার আয়ারল্যান্ডের ঐতিহাসিক প্রাসাদের মালিকদের তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোক্তা মার্ক জাকারবার্গের নাম।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G