জাতিসংঘের মহাসচিব পদে ৮ প্রার্থী, প্রথম ভোটে এগিয়ে আছেন যিনি

প্রকাশঃ আগস্ট ২৪, ২০২৬ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

বিশ্বজুড়ে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সংকটের মধ্যেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব নিতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন পাঁচ নারী ও তিন পুরুষ। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর অবস্থান এখনো স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত কে নির্বাচিত হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রার্থীদের অবস্থান বোঝার জন্য অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে প্রার্থীদের জন্য সমর্থন আদায়ের প্রচেষ্টা আরও জোরদার হতে পারে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ভোটে একজন প্রার্থীকে বাছাই করা হবে। এরপর সেই নাম অনুমোদনের জন্য সাধারণ পরিষদে পাঠানো হবে। প্রার্থীকে নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের অন্তত ৯টি ভোট প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া এই পাঁচ স্থায়ী সদস্যের কোনো দেশের ভেটো না পাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেবেকা গ্রিনস্প্যান, কোস্টারিকা

৭০ বছর বয়সী রেবেকা গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান। তিনি এর আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধের পর কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির উদ্যোগে মধ্যস্থতার কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পান। ইহুদি পরিবারের সন্তান গ্রিনস্প্যানের পরিবারের কয়েকজন সদস্য হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন।

মিশেল বাচেলেত, চিলি

চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেতের বয়স ৭৪ বছর। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উইঘুরদের ওপর নির্যাতন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চীনের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। গর্ভপাতের অধিকার সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ চিলিও তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। তবে মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন করছে।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা, ইকুয়েডর

ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি মারিয়া ফার্নান্দা এসপিনোসার বয়স ৬১ বছর। জাতিসংঘে কাঠামোগত সংস্কার এবং সম্ভাব্য সংঘাত আগেভাগে শনাক্ত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের পক্ষে তিনি। অ্যান্টিগুয়া ও বারবুডা তার প্রার্থিতাকে সমর্থন করলেও ইকুয়েডর নিজে তাকে সমর্থন করেনি।

রাফায়েল গ্রসি, আর্জেন্টিনা

আর্জেন্টিনার ৬৫ বছর বয়সী কূটনীতিক রাফায়েল গ্রসি বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

ক্যারোলিন রড্রিগেস-বির্কেট, গায়ানা

৫২ বছর বয়সী ক্যারোলিন রড্রিগেস-বির্কেট গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করাকে নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন তিনি।

ইভোনে এ-বাকি, ইকুয়েডর

৭৫ বছর বয়সী ইভোনে এ-বাকি একজন অভিজ্ঞ কূটনীতিক। ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। লেবানিজ বংশোদ্ভূত এই প্রার্থীকে টোঙ্গা মনোনয়ন দিয়েছে। কাতারসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাকি সাল, সেনেগাল

সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সালের বয়স ৬৪ বছর। আট প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ল্যাটিন আমেরিকার কোনো দেশের প্রার্থী নন। আফ্রিকান ইউনিয়ন ও সেনেগালের সমর্থন তার সঙ্গে রয়েছে। তবে নিজ দেশে বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওলার ওতুন্নু, উগান্ডা

৭৫ বছর বয়সী ওলার ওতুন্নু জাতিসংঘে কফি আনানের সময় শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং দেশটির বিরোধী দলের হয়ে প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তাই শুধু প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা নয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সমর্থনও বড় ভূমিকা রাখবে। ফলে প্রথম অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে থাকলেও রেবেকা গ্রিনস্প্যানের পথ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G