গাড়ি বিক্রেতা থেকে বেলজিয়ামের রাজপুত্র, ২৬ বছর পর মিলল বাবার স্বীকৃতি

প্রকাশঃ আগস্ট ২৫, ২০২৬ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

বেলজিয়ামের রাজপরিবারে যুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী ক্লেমেন্ট ভ্যান্ডেনকারকহোভ। দীর্ঘদিন সাধারণ জীবনযাপন করা এই তরুণ একসময় গাড়ি বিক্রির কাজ করতেন। সম্প্রতি পিতৃত্বের আইনি স্বীকৃতি পাওয়ার পর তাঁর পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে রাজপরিবারের নাম।

ক্লেমেন্ট বেলজিয়ামের রাজপুত্র লরেন্ট ও দেশটির জনপ্রিয় গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের সন্তান। প্রায় ছয় মাস আগে একটি নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজপুত্র লরেন্ট আনুষ্ঠানিকভাবে ক্লেমেন্টকে নিজের সন্তান হিসেবে স্বীকার করেন। বিষয়টি এতদিন প্রকাশ্যে না এলেও সম্প্রতি তা সামনে এসেছে।

তবে রাজপরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি পেলেও ক্লেমেন্ট রাজকীয় সুযোগ-সুবিধার সবটুকু পাবেন না। তাঁর জন্য কোনো রাজকীয় ভাতার ব্যবস্থা থাকছে না। একই সঙ্গে বেলজিয়ামের রাজপরিবারের আনুষ্ঠানিক উত্তরাধিকার তালিকাতেও তাঁর নাম যুক্ত হবে না। ফলে রাজপরিবারের পক্ষ থেকে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর আনুষ্ঠানিক ভূমিকা থাকার সম্ভাবনাও নেই।

বাবার পারিবারিক পদবি ‘স্যাক্স-কোবার্গ’ নিজের নামের সঙ্গে যুক্ত করবেন কি না, সে সিদ্ধান্তও এখনো নেননি ক্লেমেন্ট।

ক্লেমেন্টের মা ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেনের প্রকৃত নাম আইরিস ভ্যান্ডেনকারকহোভ। ২০০৩ সালে প্রিন্সেস ক্লেয়ারকে বিয়ে করার আগে রাজপুত্র লরেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

ক্লেমেন্টের জীবনে বাবার পরিচয়ও আসে অনেক পরে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৬ বছর বয়সে মা তাঁকে জানান তাঁর জৈবিক বাবার পরিচয়। এর কয়েক বছর পর ২০১৩ সালে একটি বিপণিবিতানে এমন এক ব্যক্তির সঙ্গে তাঁর হঠাৎ দেখা হয়, যাঁকে তখন তিনি নিজের বাবা হিসেবে চিনতেন না।

পরবর্তীতে বাবার সঙ্গে যোগাযোগ স্থাপনের পর পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার ফলাফলে দুজনের মধ্যে ৯৯ দশমিক ৫ শতাংশ জেনেটিক মিল পাওয়া যায়। এরপর রাজপুত্র লরেন্ট ক্লেমেন্টকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন।

ক্লেমেন্টের ঘটনা বেলজিয়ামের রাজপরিবারে পিতৃত্ব নিয়ে আগের একটি আলোচিত ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছে। তাঁর বাবা লরেন্টের পিতা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্টও একসময় একই ধরনের আইনি ও পারিবারিক বিতর্কের মুখে পড়েছিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২০ সালে সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্ট শিল্পী ডেলফাইন বোয়েলকে নিজের কন্যা হিসেবে স্বীকার করেন। এরপর ডেলফাইন রাজপরিবারের সদস্য হিসেবে নির্দিষ্ট কিছু রাজকীয় অধিকার লাভ করেন এবং ‘ডেলফাইন ডি স্যাক্স-কোবার্গ’ নাম ব্যবহার করতে শুরু করেন।

তবে বেলজিয়ামের রাজপরিবারের সব সদস্য সমান আর্থিক সুবিধা পান না। ২০১৩ সালে দেশটির আইনে পরিবর্তন আনার পর কেবল নির্দিষ্ট কয়েকজন সদস্যের জন্য রাজকীয় ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

ফলে রাজপরিবারের সঙ্গে নিজের রক্তের সম্পর্কের আইনি স্বীকৃতি পেলেও ক্লেমেন্টের জীবনযাত্রায় তা কতটা পরিবর্তন আনবে, সেটিই এখন দেখার বিষয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G