ছুটির দিনে ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের চিকেন খিচুড়ি

প্রকাশঃ আগস্ট ২৬, ২০২৬ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

ছুটির দিনে দুপুরের খাবারে একটু ভিন্ন স্বাদ চাইলে চিকেন খিচুড়ি হতে পারে দারুণ একটি আয়োজন। গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে মুরগির মাংসের মসলা মিশে তৈরি করে অসাধারণ স্বাদ ও ঘ্রাণ। সঙ্গে ভাজা ডিম, বেগুন ভাজা, আলু কিংবা টাটকা সালাদ থাকলে পুরো আয়োজনটিই হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়।

সাধারণ খিচুড়িতে চাল ও ডালের সঙ্গে মুরগির মাংস যোগ করলেই খাবারটি পায় ভিন্ন মাত্রা। চাল থেকে শর্করা এবং ডাল ও মুরগি থেকে প্রোটিন পাওয়ায় এটি একই সঙ্গে পেট ভরানো ও বৈচিত্র্যময় একটি খাবার হতে পারে।

ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবারে তাই সহজেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু পদটি।

যেসব উপকরণ লাগবে

  • পোলাও বা আতপ চাল ২ কাপ
  • মুগ ও মসুর ডাল ১ কাপ
  • মুরগির মাংস আধা কেজি
  • আলু ২টি
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চা চামচ
  • এলাচ, দারুচিনি ও তেজপাতাসহ গোটা গরম মসলা ৩-৪টি
  • কাঁচা মরিচ ৪টি
  • ঘি ১ টেবিল চামচ
  • পরিমাণমতো সয়াবিন তেল
  • স্বাদ অনুযায়ী লবণ

যেভাবে রান্না করবেন

প্রথমে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আলু কেটে হালকা ভেজে আলাদা করে রাখুন। মুরগির মাংসও ধুয়ে প্রস্তুত করে নিন।

এবার একটি হাঁড়িতে প্রয়োজনমতো তেল গরম করে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুনের বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া এবং লবণ দিয়ে দিন। অল্প পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল আলাদা হয়ে এলে ভেজে রাখা আলু ও মুরগির মাংস দিয়ে দিন।

হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন। এতে মাংস মসলার সঙ্গে ভালোভাবে কষে নরম হতে শুরু করবে।

এরপর ধুয়ে রাখা চাল ও ডাল হাঁড়িতে দিয়ে মাংস ও মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে আরও ৪-৫ মিনিট চাল ও ডাল ভেজে নিন। এতে খিচুড়িতে সুন্দর ঘ্রাণ ও স্বাদ আসবে।

এবার প্রায় ৫ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। সঙ্গে কাঁচা মরিচ দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে দিন। পানি কমে চাল-ডালের সমান পর্যায়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন।

কম আঁচে আরও ১৫-২০ মিনিট রান্না হতে দিন। রান্নার মাঝখানে প্রয়োজন মনে হলে একবার আলতো করে নেড়ে দিতে পারেন। চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে বুঝবেন খিচুড়ি তৈরি হয়ে এসেছে।

খিচুড়ি ঝরঝরে হয়ে এলে ওপর থেকে এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। এরপর চুলা বন্ধ করে হাঁড়িটি কয়েক মিনিট ঢেকে রাখুন। এতে ঘি ও মসলার ঘ্রাণ পুরো খিচুড়িতে ছড়িয়ে যাবে।

সবশেষে গরম গরম চিকেন খিচুড়ি পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন ভাজা ডিম, বেগুন ভাজা, সালাদ, আচার বা পছন্দের ভর্তা। ছুটির দুপুরের সাধারণ আয়োজনও এতে হয়ে উঠবে বেশ জমজমাট।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G