টেলিযোগাযোগে শেষ হচ্ছে এনালগ যুগ, শুরু হচ্ছে নতুন অধ্যায়

প্রকাশঃ আগস্ট ৩১, ২০২৬ সময়ঃ ১০:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ অপরাহ্ণ

দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক ব্যবস্থায় নিয়ে যেতে পুরোনো এনালগ টিডিএম ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে দেশের সব ধরনের আন্তঃসংযোগ বা ইন্টারকানেকশন কার্যক্রম ধীরে ধীরে আইপিভিত্তিক প্রযুক্তির আওতায় আসছে।

বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যেই দেশের সব টিডিএম সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অপারেটর বা আইসিএক্সের এনালগ টিডিএম সংযোগ চালু রাখার সুযোগ থাকবে না।

সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির ৩০৯তম কমিশন সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনার পর সারা দেশে পুরোনো টিডিএম ব্যবস্থা বন্ধ করে আইপিভিত্তিক ইন্টারকানেকশন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

টিডিএম বা ‘টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং’ প্রযুক্তিতে নির্দিষ্ট সময় ভাগ করে একাধিক সিগন্যাল আদান-প্রদান করা হয়। এটি টেলিযোগাযোগের পুরোনো প্রযুক্তি হওয়ায় বর্তমান সময়ের বিপুল ডাটা ও ভয়েস ট্রাফিক সামলানোর ক্ষেত্রে এর সক্ষমতা সীমিত। অন্যদিকে আইপিভিত্তিক ব্যবস্থা তুলনামূলক দ্রুত, নির্ভরযোগ্য এবং বেশি সক্ষমতাসম্পন্ন।

অধিকাংশ অঞ্চলে ইতোমধ্যে পরিবর্তন সম্পন্ন

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের সব আইসিএক্স অপারেটর ইতোমধ্যে টিডিএম থেকে আইপিভিত্তিক ব্যবস্থায় চলে গেছে।

ঢাকা জোনে ২৪টি আইসিএক্স অপারেটর তাদের টিডিএম ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। খুলনা অঞ্চলের ১৩টি আইসিএক্স অপারেটরও একইভাবে আইপিভিত্তিক সংযোগে পুরোপুরি স্থানান্তরিত হয়েছে। চট্টগ্রাম জোনের ১২টি আইসিএক্স অপারেটরও তাদের প্রযুক্তিগত রূপান্তর সম্পন্ন করেছে।

তবে বগুড়া ও সিলেট অঞ্চলে এখনো কিছু টিডিএম সংযোগ চালু রয়েছে। সংশ্লিষ্টদের কারিগরি সীমাবদ্ধতার কারণে এসব অঞ্চলে রূপান্তরের কাজ পুরোপুরি শেষ হয়নি।

বগুড়া জোনে মোট ১০টি আইসিএক্স অপারেটরের মধ্যে ৯টি আইপিভিত্তিক ব্যবস্থায় চলে গেছে। শুধু আইসিএক্স গেটকো এখনো পুরোনো টিডিএম প্রযুক্তিতে কার্যক্রম চালাচ্ছে।

সিলেটেও প্রায় একই পরিস্থিতি। সেখানে ১১টি আইসিএক্স অপারেটরের মধ্যে ১০টি আইপিতে স্থানান্তর সম্পন্ন করেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এখনো ওই অঞ্চলে তাদের রূপান্তর শেষ করতে পারেনি।

কয়েক বছর আগে শুরু হয়েছিল রূপান্তরের প্রক্রিয়া

দেশের ইন্টারকানেকশন ব্যবস্থাকে আইপিভিত্তিক করার উদ্যোগ নতুন নয়। ২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত বিটিআরসির ২৫৩তম কমিশন সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ অফ-নেট, আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক পরিচালনার জন্য সব অপারেটরকে শতভাগ আইপিভিত্তিক আইসিএক্স ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেট অঞ্চলে ধাপে ধাপে প্রযুক্তি পরিবর্তনের কাজ শুরু হয়। বিভিন্ন সময়ে রূপান্তরের জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়। সর্বশেষ ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হলেও বগুড়া ও সিলেটের কিছু অংশে কাজ শেষ করা সম্ভব হয়নি।

মোবাইল অপারেটররাও আইপিতে

বিটিআরসির তথ্য অনুযায়ী, গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ইতোমধ্যে টিডিএম সংযোগ বন্ধ করে আইপিভিত্তিক আইসিএক্সের মাধ্যমে ট্রাফিক আদান-প্রদান শুরু করেছে।

রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডও ঢাকা অঞ্চলে তাদের মাইগ্রেশন শেষ করেছে। তবে সিলেট অঞ্চলের এসবিএন সাইটে তাদের রূপান্তরের কিছু কাজ এখনো বাকি রয়েছে।

এদিকে বিটিসিএল তাদের ‘ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে ঢাকা, বগুড়া ও সিলেটে আইপিভিত্তিক এক্সচেঞ্জ স্থাপনের কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বগুড়া ও সিলেট অঞ্চলে আইপিভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলতি মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

সময়সীমা শেষ হচ্ছে ৩১ আগস্ট

বিটিআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ আগস্টের পর দেশে কোনো টিডিএম সংযোগ সচল রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো অপারেটর বা আইসিএক্স আইপিভিত্তিক ব্যবস্থায় যেতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিটিআরসি মনে করছে, পুরোপুরি আইপিভিত্তিক ইন্টারকানেকশন চালু হলে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে। এর ফলে ভয়েস কলের মান উন্নত হওয়া, কল রাউটিং দ্রুততর হওয়া এবং অপারেটরদের পরিচালন ব্যয় কমার সম্ভাবনা রয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, পুরোনো টিডিএম প্রযুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসার ফলে দেশের টেলিযোগাযোগ অবকাঠামো আরও আধুনিক হবে। পাশাপাশি দ্রুততর কল রাউটিং ও উন্নত ভয়েস সেবার মাধ্যমে গ্রাহকরাও এর সুফল পেতে পারেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

20G