নাটোরে চুরি যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০২৬ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মানির তরুণ পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার সকালে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ক্রিল ল্যান্ডার। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণের সময় তাঁর ভালো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে চুরির শিকার হন এই জার্মান পর্যটক। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় তিনি নিজের ব্যাগটি এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। ব্যাগে তাঁর একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিল।

টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও নিজের ব্যাগের কোনো খোঁজ পাননি ক্রিল। পরে তিনি জানতে পারেন, যাঁর কাছে ব্যাগটি রেখেছিলেন, তিনি রেলওয়ের কোনো কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

ঘটনাটি জানার পর হারানো জিনিসপত্র উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ল্যাপটপ উদ্ধারে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন আইজিপি। তিনি পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা দেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের আস্থা অর্জনে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলা ও জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিল ল্যান্ডারের কান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁর পাশে দাঁড়ান মুক্তি মাহমুদ নামের এক ব্যক্তি। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মুক্তি গত ১০ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই পর্যটকের হাতে একটি ম্যাকবুক তুলে দেন।

সেই সময় মুক্তি মাহমুদ জানিয়েছিলেন, বাংলাদেশ ছাড়ার আগে তরুণ পর্যটকটি যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেন, সেটিই ছিল তাঁর উদ্দেশ্য।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G