ট্রান্সফরমার চুরি করতে উঠে খুঁটিতে আটকা চোর, উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৬ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৫ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাঁকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা। তবে এ সময় তাঁর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম লিটন (৩২)। তিনি তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারসংলগ্ন একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে খুঁটিতে ওঠেন এক ব্যক্তি। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যান।

পরে স্থানীয়রা নিচে অবস্থান করা আরেক ব্যক্তিকে আটক করেন। অন্যদিকে, খুঁটির ওপর থাকা ব্যক্তি আর নিচে নামতে না পেরে সেখানে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় জীবিত অবস্থায় তাঁকে নিচে নামিয়ে আনা হয়। তবে তাঁর শরীরের বিভিন্ন অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পাওয়ার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বৈদ্যুতিক খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এরপর তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন। বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি দগ্ধ হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G