অনলাইন টিভি নিয়ে আসছেন ফেরদৌস ওয়াহিদ
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আগামী ২৬ মার্চ যাত্রা শুরু করবে ‘ফেরদৌস ওয়াহিদ উইথ ট্যালেন্টস’ নামের অনলাইন টিভি চ্যানেল। এর মাধ্যমে নতুনভাবে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
এরই মধ্যে চ্যানেলটির প্রস্তুতিমূলক কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান ফেরদৌস ওয়াহিদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস আমার জন্মদিনে এই অনলাইন টিভি চ্যানেল করব। এখানে প্রধান্য পাবে তরুণ শিল্পীদের গান ও গানের মিউজিক ভিডিও।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই নতুনদের প্রাধান্য দিয়েছি। আর এ কারণেই আমাদের সঙ্গীতাঙ্গন আরেফিন রুমি, ন্যান্সির মতো কন্ঠশিল্পীকে পেয়েছে। যোগ্যতা থাকলেও সুযোগের অভাবে অনেকে সামনে এগোতে পারে না। এমন শিল্পী ও সঙ্গীত সংশ্লিষ্টদের সুযোগ দিতেই ফেরদৌস ওয়াহিদ উইথ ট্যালেন্টসের যাত্রা।’
প্রসঙ্গত, গত বছর একটি অনলাইন রেডিও চালু করেছেন ফেরদৌস ওয়াহিদ। ‘রেডিও ওয়াহিদ’ (www.radiowahid) নামে এ রেডিওটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
প্রতিক্ষণ/এডি/মনি
























