ইতিহাসের সাক্ষী: মিস্টার বীন
২৫ বছর আগে ব্রিটেনে প্রথম প্রচার হয়েছিল জনপ্রিয় কমেডি টিভি অনুষ্ঠান মিস্টার বীনের প্রথম পর্ব। পরবর্তীতে এই মি. বীন পরিণত হয়েছিল পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় টিভি অনুষ্ঠানগুলোর একটিতে। মি বীনের প্রথম পর্ব প্রচারিত হয়েছিল ১৯৯০ সালের পহেলা জানুয়ারি।
মি. বীন এর নির্বাহী প্রযোজক ছিলেন তার বন্ধু পিটার বেনেট-জোনস। মি. বীনের চরিত্রে অভিনয় করেন ইংরেজ কৌতুক অভিনেতা রোয়ান এ্যাটকিনসন।
রোয়ান এটকিনসন জানান, তিনি যখন ছাত্র তখন থেকেই মি. বীনের মতো একটি চরিত্রের ধারণা তার মাথায় গড়ে উঠছিল। এবং সেই ধারনার ই বাস্তব রূপ দেন মি. বীন তৈরী করে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কমেডি গ্রুপের সাথে অনুষ্ঠান করতেন রোয়ান এ্যাটকিনসন। তার নাম ছিল ‘দি অক্সফোর্ড রিভিউ’। আর পিটার বেনেট-জোনস ছিলেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রতিপক্ষের কমেডি গ্রুপের একজন সদস্য। এর নাম ছিল ‘দি ফুটলাইটস’। এডিনবরা ফেস্টিভ্যালে তাদের প্রথম পরিচয় হয় ১৯৭৬ সালে।
থিয়েটার আর টিভির জন্য স্নাতক ডিগ্রি লাভের পরে দুই বন্ধুই একসাথে কাজ করা শুরু করলেন।
একটা মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে মি. বীনের যাত্রা শুরু হয়েছিল হিসেবে। আইডিয়াগুলো রিহার্সাল রুম থেকেই মাথায় আসে। এগুলো ভেবে বের করার সময় তারা নিজেরাও খুব হাসতেন।
মি. বীনের নাম প্রথমে ছিল মি. হোয়াইট। পরে তার নাম বদলে করা হল মি. বীন।

মি. বীন একটা বড় অনুপ্রেরণা ছিল ফরাসী কমেডিয়ান জ্যাক তাতির সৃষ্ট চরিত্র মি. উলো।
ব্রিটেনে আইটিভিতে সর্ব প্রথম প্রচার করা হয় মি. বীন। তিনি শুরুতেই আইটিভির সবচেয়ে দামি সময়টার আধঘন্টা মি বীনের জন্য বরাদ্দ করে দিলেন। আর প্রথম প্রচারের দিন থেকেই মি. বীন চরম জনপ্রিয়তা পেয়ে যায়।
চরিত্রটি তার বেঢপ জ্যাকেট, মোটা ভুরু, আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে উঠলো। মি. বীনের চরিত্রকে উপস্থিতই করা হয়েছে এমনভাবে যেন সে সামাজিক রীতিনীতির বাইরের একটা কিছু।
তার ট্রাউজার মাপে একটু ছোট, তার জ্যাকেট ফ্যাশনদুরস্ত নয়, তার টাইও বেমানান। সে একটু অস্বাভাবিক ধরণের, এবং আশপাশের লোকদের সাথে সে যা করছে তা একেবারেই অদ্ভূত।
মি. বীন যে সব বয়েসের দর্শকের কাছে এবং এতগুলো দেশে জনপ্রিয় হয়েছে তার কারণ হলো এর সার্বজনীনতা।
“মি. বীনের কাজ-কর্ম ও অঙ্গভঙ্গি সব বয়সের মানুষকে হাসাতে পারে। এর হাস্যরস বোঝার জন্য কোন শিক্ষার দরকার নেই, কোন ভাষারও দরকার নেই।”
























