ঢাকায় আসছেন বিম্বাবতী দেবী
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনা’র উদ্যোগে ঢাকায় আসছেন মনিপুরী নৃত্যগুরু বিপিন সিং এবং কলাবতী দেবীর কন্যা বিম্বাবতী দেবী।
কাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছায়ানট সংস্কৃতি ভবনে বিম্বাবতী দেবী এবং তার দল মনিপুরী নর্তনালয় প্রদর্শন করবেন নৃত্যালেখ্য ‘দেবাত্ময়ী’।
বিম্বাবতী দেবী এর আগে মণিপুরী নৃত্যের সঙ্গে অন্যান্য নৃত্যশৈলীর সংমিশ্রনে উপস্থাপন করেছেন নৃত্যালেখ্য। কখনও ওড়িশি, কখনও কত্থক। এ বার মণিপুরের দেশজ নৃত্যঘরানার গভীরে ডুব দিয়ে তিনি মঞ্চে এনেছেন ‘দেবাত্ময়ী’। সৃজন চট্টোপাধ্যায়ের গবেষণা, চিত্রনাট্য এবং পরামর্শে নৃত্যালেখ্যটির নির্দেশনার দায়িত্বে আছেন বিম্বাবতী দেবী।
প্রধান ভূমিকায় মঞ্চে অবতীর্ণ হবেন স্বয়ং নির্দেশক। এই অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠানস্থলেই টিকেট পাওয়া যাবে।
প্রতিক্ষণ/এডি/সুমন
























