তিন বছর পর দিলরুবা খানের নতুন অ্যালবাম
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পয়লা বৈশাখে আবারও বাজারে আসছে পাগল মন খ্যাত শিল্পী দিলরুবা খানের নতুন অ্যালবাম। তবে প্রকাশিতব্য এই অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। ইতোমধ্যে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
দিলরুবার অন্যান্য অ্যালবামের মতো এবারও থাকছে নির্বাচিত কিছু লোক ধাঁচের গান। রাধারমণ দত্ত, সৈয়দ শাহ নূর, জালাল উদ্দীন খাঁ প্রমুখের বিচ্ছেদ গান নিয়ে তৈরি হচ্ছে এই অ্যালবাম।
জালাল উদ্দীন খাঁ রচিত দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, অজ্ঞাত লোককবির লেখা যেই দেশে নাই জন্ম মরণ রে এবং মোহন্ত রচিত দ্বার খুলে দাও দয়াল গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
শিগগিরই ধারণ করা হবে সুনীল কর্মকার রচিত আসত যদি প্রাণের বন্ধু। রেকর্ডিং শেষ হলেই অ্যালবামের নাম ঠিক করবেন এই শিল্পী।
এ সম্পর্কে দিলরুবা খান বলেন, ‘অডিও বাজারের অবস্থা একেবারেই মন্দা। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে স্টেজ শো অনেকটাই বন্ধ। এই মন্দার মধ্যে নিজের উদ্যোগে অ্যালবামটি করছি। আমার অন্যান্য অ্যালবামের মতোই আশা করি এর গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য তিন বছর আগে বাজারে এসেছিল দিলরুবা খানের সর্বশেষ অ্যালবাম বেস্ট অব দিলরুবা।
প্রতিক্ষণ/এডি/রানা
























