বাড়ছে ডায়াবেটিকস রোগীর সংখ্যা
প্রতিক্ষন ডেস্ক

বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিকস আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৪ লাখ হলেও ২০৩৫ সাল নাগাদ তা ১ কোটি ৭০ লাখে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিকস সচেতনতা ও চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে জাতীয় ডায়াবেটিকস নীতিমালার বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। অবশ্য ডায়াবেটিকস রোগ প্রতিরোধে নীতিমালা প্রস্তুতের প্রক্রিয়া চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
স্নিগ্ধ রোদের আলো গাছের সবুজ পাতা ভেদ করে নেমে এসেছে মাটিতে। শহুরে কর্মচাঞ্চল্যে নিজেকে সঁপে দেয়ার আগেই প্রয়োজনীয় শরীরচর্চা সেরে নিচ্ছেন নগরবাসী। অধিকাংশই ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরই বেছে নিয়েছেন এই পথ।
দেশে ডায়াবেটিকস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। প্রতি বছর বাড়ছে প্রায় ১ লাখ রোগী। যাদের প্রায় অর্ধেকই জানেন না ডায়াবেটিকে আক্রান্তের বিষয়টি। নগরায়ন, খাদ্যাভাসের পরিবর্তনসহ নানা কারণ ডায়াবেটিকস সৃষ্টির জন্য দায়ী, বলছেন এ চিকিৎসক। আর মহামারি আকারে ধেয়ে আসা এ রোগ প্রতিরোধে প্রস্তাবিত জাতীয় নীতিমালা, নানা জটিলতায় এখনো দেখেনি আলোর মুখ। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আইনি প্রক্রিয়া শেষে নীতিমালা বাস্তবায়ন করা হবে।
ডায়াবেটিকস নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত জীবন-যাপন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যয়াম ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিকস জনিত জটিলতা এড়িয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।
প্রতিক্ষণ/এডি/বিএ
























