বিচার শেষে রাজ্জাককে ফেরত: মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক:
দেশটির প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শেষেই নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে মিয়ানমার ।
শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত সুফিউর রহমান মিয়ানমারের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে দ্রুত ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান হয়, বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারের জলসীমানায় প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। মিয়ানমারের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শেষেই তাকে ফেরত দেওয়া হবে।
এর আগে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তলব করা হয়। রাষ্ট্রদূতকে বলা হয়, অপহৃত বিজিবি নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে মিয়ানমার সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয়। তলবের প্রেক্ষিতে রাষ্ট্রদূত মাইও মাইন এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করবেন।
প্রতিক্ষণ/এডি/নূর
























